মোদি মন্ত্রিসভায় বিরাট রদবদলের জল্পনা! নিট কাণ্ডে পদ খোয়াতে পারেন ধর্মেন্দ্র প্রধান?

সবদিক নিউজ: গত কয়েকদিন ধরেই দেশের রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন চলছিল। এবার সেই জল্পনাই আরও জোরালো হয়ে উঠল। মোদি সরকারের তৃতীয় মেয়াদের দু’বছর পূর্ণ হতেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক বড়সড় রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে, যা সম্ভবত আগামী মাসের শুরুতেই ঘটতে চলেছে। তবে সমস্ত জল্পনার মধ্যে সবচেয়ে বড় যে খবরটি সামনে আসছে, তা হল নিট (NEET) কেলেঙ্কারির জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। কেবল তা-ই নয়, তাঁর পরিবর্তে দেশের নতুন শিক্ষামন্ত্রী করা হতে পারে বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে! আর নির্মলা সীতারমণের ছেড়ে যাওয়া অর্থমন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন পীযূষ গোয়েল। যদিও সরকারের তরফে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও সিলমোহর দেওয়া হয়নি।
বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি ও অতীতের রীতি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার গঠনের দু’বছর পূর্ণ করার পর সাধারণত মন্ত্রিসভায় রদবদল ঘটান। অন্যদিকে, নীতীন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর পাঁচ মাস কেটে গেলেও এখনও তাঁর নতুন ‘টিম’ বা সংগঠন তৈরি হয়নি। বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে, এবার মন্ত্রিসভার রদবদল এবং বিজেপির সাংগঠনিক রদবদল, দুটোই একে অপরের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হবে। অর্থাৎ, মন্ত্রিসভার কিছু চেনা মুখকে দলের সংগঠনে ফিরিয়ে আনা হতে পারে, আবার সংগঠন থেকে কিছু নতুন মুখকে দিল্লির কুর্সিতে বসানো হতে পারে। পাশাপাশি, বেশ কিছু প্রবীণ নেতাকে পাকাপাকিভাবে ছুটি দেওয়া হতে পারে বলেও খবর।
ধর্মেন্দ্র প্রধানের শিক্ষামন্ত্রীর পদ হারানোর পাশাপাশি আরও বেশ কিছু হাই-প্রোফাইল নাম এই রদবদলের তালিকায় ভেসে উঠছে। গুঞ্জন রয়েছে, নীতীন গড়করিকেও সড়ক ও পরিবহণ মন্ত্রকের দায়িত্ব থেকে সরানো হতে পারে। এর পাশাপাশি, আম আদমি পার্টি (AAP) ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়া তরুণ নেতা রাঘব চাড্ডা এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে মোদি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও কেন্দ্রের কোনও বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা। সেই সঙ্গে তালিকায় রয়েছে অনুরাগ ঠাকুরের নামও, যিনি পেতে পারেন নতুন কোনও মন্ত্রক। তবে এই সমস্ত রদবদল নিয়ে মোদি সরকার বা বিজেপির শীর্ষ নেতৃত্ব এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। এখন দেখার, আগামী মাসে এই জল্পনা কতটা সত্যি প্রমাণিত হয়!



