0%

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টিনার, রয়েছে ১০ লাল কার্ডের নজিরও, ফিফার সিদ্ধান্তে বিতর্ক

এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2026) রেফারির সিদ্ধান্ত ঘিরে বিতর্ক থামার কোনও নামগন্ধ নেই। প্রি-কোয়ার্টার ফাইনালে মিশর-আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক সপ্তমে পৌঁছেছে। সেই রেশ এখনও কাটেনি। এবার কোয়ার্টার ফাইনালের ফ্রান্স-মরক্কো ম্যাচের বল গড়ানোর আগে ফিফার সিদ্ধান্তে ফের রেফারি নিয়ে তুলকালাম।

ফিফা জানিয়েছে, এই ম্যাচের প্রধান রেফারি থাকবেন আর্জেন্টিনার ফাকুন্দো তেলো। তাঁর দুই সহকারী হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদেও আর্জেন্টিনার। চতুর্থ রেফারি দারিও এরেরা, রিজার্ভ সহকারী ক্রিস্তিয়ান নাভারো, ভিএআর দলের সদস্যরাও একই দেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বিভিন্ন দেশের রেফারিদের দায়িত্ব দেওয়া হলেও এবার তার ব্যতিক্রম। আর সেই কারণেই বিতর্ক বেড়েছে। ফ্রান্সের এক সংবাদমাধ্যমও ফিফার এই সিদ্ধান্ত নিয়ে সুর চড়িয়েছে।

ফাকুন্দো তেলো ২০১৯ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসাবে দায়িত্বে রয়েছেন। অভিজ্ঞ হলেও কঠোর সিদ্ধান্তের জন্য তাঁর ‘সুখ্যাতি’ রয়েছে। ২০২২ সালের ট্রোফেও দে কাম্পেওনেসের ফাইনালে বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাবের উত্তপ্ত ম্যাচে তিনি রেকর্ড ১০টি লাল কার্ড দেখিয়ে আলোচনায় আসেন। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপের মরক্কো-পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মরক্কোর ফরোয়ার্ড ওয়ালিদ চেদ্দিরাকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়েও ব্যাপক বিতর্ক হয়েছিল।

তবে ফ্রান্স-মরক্কো ম্যাচে ফিফার রেফারি নিয়োগ নিয়ে নেটিজেনরাও সরব। এক ইউজারের কথায়, ‘আর্জেন্টিনাকে বিশ্বকাপ দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে ফিফা।’ আরেকজনের মন্তব্য, ‘ফিফা, সব কিছুই এখন চোখের সামনে।’ অনেকেই আবার বলছেন, “মেসিদের ‘পথের  কান্ঁটা’ ফ্রান্সকে সরিয়ে দিতেই এই পরিকল্পনা। আগে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর প্রায় একই দাবি করেছেন মিশর কোচ হোসেম হাসান। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হারের পর মেসিদের শুভেচ্ছা জানিয়ে বললেন, ‘‘আরও একটি বিশ্বকাপ জেতার জন্য ওদের শুভেচ্ছা! ফিফা ওদের বিশ্বকাপটা দিয়ে দিলেই পারে!’’ এই পরিস্থিতিতে ফ্রান্স-মরক্কো ম্যাচে সমস্ত আর্জেন্তিনীয় রেফারিকে লিস্টে দেখে মেজাজ তিরিক্কি অনেকের।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker