0%

আজ ভোর থেকেই কার্যকর, অভিষেকের জন্য লালবাজার থেকে কী নির্দেশিকা‌ এল ?

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনিক স্তরেও দ্রুত বদলের ইঙ্গিত মিলেছে। ক্ষমতার পালাবদল হতেই নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় রদবদল শুরু হয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে যেমন গার্ডরেল সরানো হয়েছে, তেমনই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্য লালবাজার থেকে এল নির্দেশিকা।

অভিষেকের (Abhishek Banerjee) জন্য কী নির্দেশিকা ?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসের বাইরে থাকা অতিরিক্ত পুলিশ পিকেট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল লালবাজার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ৬ তারিখ সকাল সাড়ে ৬টা থেকে এই নির্দেশ কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে ১৮৮ নম্বর হরিশ মুখোপাধ্যায় রোডে অবস্থিত বাড়ির সামনে থাকা পিকেট, ১২১ কালীঘাট রোডের অফিস ও বাসভবনের নিরাপত্তা এবং ৯ ক্যামাক স্ট্রিটের কার্যালয়ের বাইরের পুলিশ মোতায়েন তুলে নেওয়া হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় কালীঘাটের যে এলাকায়, সেটি বিদায়ী মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছেই। পটুয়া পাড়ার সেই অঞ্চল এখন রাজনৈতিক পরিবর্তনের ছাপ স্পষ্ট। এলাকা জুড়ে বিজেপির পতাকা নজরে পড়ছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন স্থানীয় শিল্পীরা।

তাঁদের অভিযোগ, অতিরিক্ত নিরাপত্তার কারণে সাধারণ মানুষের চলাফেরা এবং শিল্পচর্চা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এক শিল্পীর কথায়, “এটা কালীঘাট রোড। এটা কারও বাবার রাস্তা নয়। কোনও গাড়ি দাঁড়াতে দেয় না। এখানেই ওঁর বাড়ি। ওঁরা তো আমাদের জন্য ছিলেন, এখন আমাদের পিছনে লাথি মারছেন? মানুষ অতিষ্ঠ। আমরাই তো দিদিকে এনেছি।” স্থানীয়দের মতে, নিরাপত্তার নামে এমন কড়াকড়ি চালু ছিল যে, প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপনই কঠিন হয়ে উঠেছিল। রাস্তা ব্যবহার থেকে শুরু করে কাজ- সব ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তাঁদের।

আরও পড়ুন : আইনি পথে হাঁটবেন মমতা? ইস্তফা অনীহায় বাড়ছে চর্চা

তবে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই চিত্র বদলাতে শুরু করেছে। নিরাপত্তা কমানোর এই পদক্ষেপে স্বস্তি ফিরে আসবে বলেই আশা করছেন অনেকে। এখন দেখার এই বদল এলাকার বাসিন্দাদের সমস্যার কতটা সমাধান করতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker