0%

ইরানে যুদ্ধ বাঁধতেই ভারতে ২ লাখ টাকা হয়ে যাচ্ছে সোনা? ৪ লাখে পৌঁছবে রুপো!

নয়া দিল্লি: সংঘাত ক্রমে যুদ্ধের রূপ নিচ্ছে। মধ্য প্রাচ্যের আকাশ জুড়ে এখন শুধুই গোলা-বারুদ আর মিসাইল। বন্ধ বিমান চলাচল। ইরানের উপরে ইজরায়েল-আমেরিকার হামলা এবং তার প্রত্য়াঘাতে জর্ডন, কাতার, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহিতে মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে ইরানও। তবে এই যুদ্ধ বা সংঘাত কিন্তু মধ্য় প্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এর প্রভাব পড়তে চলেছে আন্তর্জাতিক বাজারেও। অপরিশোধিত তেল থেকে শুরু করে সোনা-রুপোর দাম, শেয়ার বাজারেও পড়তে চলেছে।

ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আগে থেকেই ঊর্ধ্বমুখী ছিল। বর্তমানে বিশ্ব বাজারে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি ৬৭ ডলারে পৌঁছেছে। ইতিমধ্যেই ৩ শতাংশ দাম বেড়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে তেলের দামও লাগাতার বাড়তে থাকবে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় তেল সরবরাহ আরও ব্যহত হবে। এর জেরে ভারত সহ আন্তর্জাতিক বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়বে।

ভারত নিজেদের অপরিশোধিত তেলের চাহিদার ৮০ থেকে ৯০ শতাংশই আমদানি করে পূরণ করে। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ তেল আমদানি করা হয় মধ্য প্রাচ্য থেকে। তেল আমদানির পথ বন্ধ হয়ে যাওয়ায় অপরিশোধিত তেলের দাম বাড়বে চড়চড়িয়ে। পেট্রোল, ডিজেলের দাম বাড়বে। সেই সঙ্গে সংশ্লিষ্ট জিনিসপত্রেরও দাম বাড়বে।

দাম বাড়বে সোনা-রুপোর-

এই যুদ্ধ পরিস্থিতিতে সবথেকে বেশি দাম বাড়ার আশঙ্কা সোনা ও রুপোর। তার কারণ যখনই যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তখন সুরক্ষিত বিনিয়োগের জন্য সকল বিনিয়োগকারীরা সোনা-রুপোর দিকেই ঝোঁকে। এর জেরে সোনা-রুপোর দাম তরতরিয়ে বাড়ে। বর্তমানে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৬০ হাজারে পৌঁছে গিয়েছে। শুক্রবারই একধাক্কায় ১৮০০ টাকা দাম বেড়েছে। রুপোর দামও ক্রমাগত বাড়ছে। ৩ লাখের গণ্ডি প্রায় পার করে ফেলেছে। শেয়ার বাজারে আরও অনিশ্চয়তা বাড়লে, বিনিয়োগকারীরা আরও বেশি সোনা-রুপোয় বিনিয়োগ বাড়বে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ভারতীয় শেয়ার বাজারেও সরাসরি প্রভাব ফেলতে পারে। বাজার বিশেষজ্ঞরা বলছেন যে বিশ্বব্যাপী অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকলে, সেনসেক্স ও নিফটি সূচকেও প্রভাব পড়বে। ইতিমধ্যেই ক্রিপ্টোকারেন্সিতে যুদ্ধের প্রভাব দেখা যাচ্ছে। বিটকয়েনে ৫ শতাংশ পতন হয়ে তা ৬৪ হাজার ডলারের নীচে নেমে এসেছে।

সোমবার বিশ্ব বাজার খুললেই সোনা ও রুপোর দাম আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।  অনেক বিশেষজ্ঞদের মতে, ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাত যদি আরও বাড়ে, পুরোদমে যুদ্ধ লেগে যায়, তাহলে দু-তিনদিনের মধ্যেই সোনার দাম ২ লাখ টাকা এবং রুপোর দাম ৪ লাখ টাকা পার করতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker