0%

‘গাজা যুদ্ধ শেষ হোক চাননি নেতানিয়াহু, বন্দি মুক্তিতেও আগ্রহ ছিল না’, বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহু চাননি গাজা যুদ্ধ শেষ হোক! এমনকী হামাসের হাতে যারা পণবন্দি ছিল তাঁদের মুক্তিতেও বিশেষ আগ্রহ ছিল না নেতানিয়াহুর। সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন ইজরায়েল সেনার অবসরপ্রাপ্ত বন্দিমুক্তি বিষয়ক সমন্বয়কারী তথা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নিতজান অ্যালন। এই তথ্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ইজরায়েলে।

শুক্রবার ওয়াশিংটনে বক্তব্য রাখতে গিয়ে অ্যালন বলেন, ইজরায়েল চাইলে আরও এক বছর আগেই যুদ্ধ শেষ করে সব বন্দিকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে পারত। গাজা যুদ্ধের দুই বছরেরও বেশি সময় পর ২০২৫ সালের অক্টোবরে একটি চুক্তির মাধ্যমে হামাসের হাতে বন্দিদের ইজরায়েলে ফিরিয়ে আনা হয়। অ্যালন বলেন, “আমার মনে হয়, আমরা এই পর্যায়ে আরও অনেক আগেই পৌঁছাতে পারতাম। সম্ভবত এক বছর বা তারও আগে। এতে যুদ্ধের অন্যান্য কৌশলগত লক্ষ্য অর্জনে বড় কোনও প্রভাব পড়ত না। আমরা আসলে সেই সুযোগ হারিয়েছি। যুদ্ধ অনেক দীর্ঘ হয়েছে।”

“২০২৩ সালের অক্টোবর হামলার পরপরই এই চুক্তি সম্ভব ছিল। প্রায় দুই বছর লাগল বন্দিদের ফিরতে, এটা শুধু সুযোগ হাতছাড়া নয়, ট্র্যাজেডি।”

অ্যালন ২০২৫ সালের অক্টোবরের ‘যুদ্ধবিরতি’ চুক্তিকে একটি ‘কৌশলগত সাফল্য’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এরপর হামাসের সামরিক ক্ষমতা কমেছে। তবে যুদ্ধবিরতিটি আরও অনেক আগেই কার্যকর করা যেত। তাহলে বন্দিদশায় যাদের মৃত্যু হয়েছে তাঁদের অনেকে জীবিত অবস্থায় দেশে ফিরতে পারতেন। এই চুক্তি নিয়ে প্রশ্ন তুলে অ্যালন আরও জানান, “সরকার ইচ্ছাকৃতভাবে পূর্ণাঙ্গ চুক্তির বদলে আংশিক চুক্তি বেছে নিয়েছে, যাতে যুদ্ধ চালিয়ে যাওয়া যায়।” তার প্রমাণ, যুদ্ধবিরতির পরও দফায় দফায় হামলা হয়েছে গাজার মাটিতে। বহু অঞ্চল এসেছে ইজরায়েলের দখলে।

এপ্রসঙ্গে বলতে গিয়ে অ্যালন বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাধ্য না করলে ইজরায়েল আজও যুদ্ধ চালিয়ে যেত। বন্দিদশায় ৪০ জনের মৃত্যু হয়, সরকারের স্বদিচ্ছা থাকলে এরা জীবিত ফিরতে পারতেন। দীর্ঘ সময় পার করে ২০২৫-এর অক্টোবরে যে চুক্তি হয়েছিল তাতে ২০ জন ইজরায়েলি বন্দির বিনিময়ে ২০০০ প্যালেস্টিনীয় বন্দিকে মুক্তি দেওয়া হয়। প্রাক্তন কূটনীতিক অ্যালান পিঙ্কাসও আল জাজিরাকে বলেন, “২০২৩ সালের অক্টোবর হামলার পরপরই এই চুক্তি সম্ভব ছিল। প্রায় দুই বছর লাগল বন্দিদের ফিরতে, এটা শুধু সুযোগ হাতছাড়া নয়, ট্র্যাজেডি।” যদিও পালটা তোপ দেগে নেতানিয়াহুর দলের তরফে বলা হয়েছে, “হামাসের শর্তে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন অ্যালন।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker