‘মানচিত্রে থাকবে নাকি ইতিহাসে হারিয়ে যাবে?’ সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দ্বিবেদীর

সবদিক নিউজ: পাকিস্তানকে ফের কড়া ভাষায় সতর্ক করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি স্পষ্ট করে বলেন, যদি পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে আশ্রয় দিতে থাকে এবং সেই পথেই কাজ চালিয়ে যায়, তাহলে তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তারা কি মানচিত্রে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে চায়, নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যেতে চায়— এই প্রশ্নই কার্যত তুলে দেন সেনাপ্রধান।
দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইল্ড’ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, গত বছরের অপারেশন সিন্দুরের মতো পরিস্থিতি যদি আবার তৈরি হয়, তাহলে ভারতীয় সেনা কীভাবে প্রতিক্রিয়া জানাবে। এই প্রশ্নের উত্তরে তিনি কোনও ঘুরিয়ে কথা না বলে ভারতের অবস্থান একেবারে স্পষ্ট করে দেন।
জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, তিনি আগেও এই একই বার্তা দিয়েছেন— পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে লালন করে এবং ভারতের বিরুদ্ধে কাজ চালিয়ে যায়, তাহলে তাদের নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে হবে। তাঁর কথায়, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে কোনও দেশ দীর্ঘদিন নিরাপদ থাকতে পারে না। এই মন্তব্যের মাধ্যমে তিনি কার্যত পাকিস্তানের নীতির বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান আরও একবার সামনে আনেন।
উল্লেখ্য, গত বছরের ৭ মে শুরু হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। সেই অভিযান শুরু হয় পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার জবাবে। ভারতীয় সেনা সেই হামলার পর পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে নির্ভুল ও পরিকল্পিত হামলা চালায়। এই অভিযানকে ঘিরে দুই দেশের মধ্যে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে এবং দুই দেশের মধ্যে সামরিক সংঘাত আরও বাড়ে। পরবর্তী সময়ে ভারতও একাধিক প্রতিরোধমূলক অভিযান চালায়, যা সবই ‘অপারেশন সিঁদুর’-এর অংশ হিসাবেই পরিচালিত হয়। প্রায় ৮৮ ঘণ্টা ধরে চলা এই সামরিক উত্তেজনা শেষ পর্যন্ত ১০ মে সন্ধ্যায় দুই দেশের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে থেমে যায়।
সেনাপ্রধানের এই নতুন মন্তব্য সেই সংঘাতের স্মৃতি আবারও সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে এটি পাকিস্তানের উদ্দেশে ভারতের অবস্থান আরও একবার পরিষ্কার করে দিয়েছে— সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিলে তার ফল খুবই কঠোর হতে পারে।


