0%

ভোটকেন্দ্রে বচসা, ‘এখানে তর্ক চলবে না’ জওয়ান বলতেই কি জবাব দিলেন লাভলি ?

বাংলা হান্ট ডেস্ক : দ্বিতীয় দফার ভোটের (Aasembly Election) দিনে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর এলাকায় এক ভোটকেন্দ্রকে ঘিরে তৈরি হল সাময়িক উত্তেজনা। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র (Lovely Maitra) ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। ঘটনাটি ঘটে বিদ্যাভূষণ বিদ্যাপীঠের ১৪৩ নম্বর বুথে।

কী ঘটল লাভলি মৈত্রর (Lovely Maitra) সঙ্গে ?

এদিন সকালে ওই বুথের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন ভোটাররা। সেই ভিড় পেরিয়ে প্রার্থী হিসেবে এগিয়ে যান লাভলি মৈত্র। বুথের প্রবেশদ্বারের কাছে দায়িত্বে থাকা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাঁর পরিচয় জানতে চান। তখন গলায় ঝোলানো প্রার্থী পরিচয়পত্র এবং হাতে থাকা ভোটার কার্ড—দুই-ই দেখান লাভলি। যাচাইয়ের পর তিনি ভিতরে প্রবেশ করেন।তবে বুথের ভিতরেও একই জওয়ান ফের তাঁর কাছে পরিচয়পত্র দেখতে চান। তখনই লাভলি আপত্তি জানিয়ে বলেন, “বাইরেই তো কার্ড দেখালাম।”

এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বাকবিতণ্ডা। জওয়ান আঙুল তুলে বলেন, “এখানে তর্ক চলবে না।” জবাবে লাভলি বলেন, “আপনি কী বলছেন? তর্ক কে করছে?” ভোটগ্রহণ শেষ করে বাইরে বেরিয়ে এসে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, “বিভিন্ন জায়গায়, বিভিন্ন বুথে আমরা দেখছি যে সেন্ট্রাল ফোর্স বিজেপির হয়ে কাজ করছে। তাতে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে কাদের নির্দেশে করছে। কিন্তু তাতে লাভ নেই। দ্বিতীয় দফায় বিজেপির দফারফা হয়ে গিয়েছে। যে ভাবে মানুষ বেরিয়ে এসে ভোট দিচ্ছে, তাতে দ্বিতীয় দফার পরে বিজেপির আর জায়গা থাকবে না বাংলায়। তাই কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন, সারা দেশের পুলিশ নিয়ে আসলেও এখানে লাভ হবে না।”

আরও পড়ুন : IPS অজয় পাল শর্মাকে নিয়ে পোস্ট! এবার তৃণমূলের মহুয়ার বিরুদ্ধেই অভিযোগ

লাভলি মৈত্র আরও জানান, প্রার্থী হিসেবে এই প্রথমবার তিনি নিজেকে নিজে ভোট দিলেন। একই সঙ্গে তিনি বলেন, এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। ভোটের দিন এই সামান্য বচসা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়লেও, গোটা প্রক্রিয়া মোটের উপর শান্তিপূর্ণ বলেই দাবি করেছেন প্রার্থী। তবে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তাঁর অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker