0%

মমতার ‘ম্যান মেড বন্যা’র তত্ত্ব খারিজ! ২ বছর পর ডিভিসি-র কমিটিতে ফিরল রাজ্য

সবদিক নিউজ: তৃণমূল সরকারের আমলে ডিভিসি-র জল ছাড়া এবং দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরম আকার ধারণ করেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে ডিভিসি-র আগাম না জানিয়ে জল ছাড়ার নীতিকে আক্রমণ করে একে ‘ম্যান মেড বন্যা’ বলে তোপ দেগেছিলেন। ক্ষোভের বশে বিগত দু’বছর ধরে ‘দামোদর ভ্যালি রিভার রেগুলেশনস কমিটি’ থেকে নিজেদের প্রতিনিধিও প্রত্যাহার করে নিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। কিন্তু বাংলায় ডবল ইঞ্জিন সরকার আসতেই সেই জট কেটে গেল।

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক ও বড় সিদ্ধান্ত

প্রশাসনিক সূত্রে খবর, নবান্নের স্বরাষ্ট্র ও সেচ মহলে খোলনলচে বদল করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে একটি উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক সারেন। সেই বৈঠকেই স্থির হয়েছে, অতীতের সংঘাত ভুলে এবার থেকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ১০০ শতাংশ সমন্বয় বজায় রেখে কাজ করা হবে। আর সেই লক্ষ্যেই দীর্ঘ দুই বছর পর আবারও এই রিভার রেগুলেশনস কমিটিতে নিজেদের সরকারি প্রতিনিধি পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

বিদ্যুৎ ও সেচ দফতরকে কড়া নির্দেশ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, এবার থেকে ডিভিসি যখনই জলাধার থেকে জল ছাড়বে, তার আগে রাজ্য সরকারের সেচ ও বিদ্যুৎ দফতরের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে। আকস্মিক জল ছেড়ে যাতে গ্রামীণ বাংলাকে ভাসিয়ে দেওয়া না হয়, তার জন্য চব্বিশ ঘণ্টা সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে। দুই দফতরের অফিসারদের ডিভিসির কন্ট্রোল রুমের সঙ্গে নিয়মিত সংযোগ রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মাঠে নামলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এদিকে গ্রামীণ এলাকার পাশাপাশি শহরের নিকাশি ব্যবস্থা নিয়েও বর্ষার আগে যুদ্ধকালীন তৎপরতা শুরু করে দিয়েছে নবান্ন। রাজ্যের নতুন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মঙ্গলবারই রাজ্যের সমস্ত পুরসভাকে সক্রিয় করার কড়া বার্তা দিয়েছেন। মন্ত্রী বলেন, “সামনেই বর্ষাকাল আসছে। বিগত জমানায় নিকাশি ব্যবস্থার যে বেহাল দশা ছিল, তা দ্রুত মেরামত করতে হবে। আবর্জনা পরিষ্কার এবং জমা জল বের করার কাজগুলো এখন থেকেই শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।” নতুন সরকারের এই আগাম প্রস্তুতি ও সমন্বয়ের রাজনীতি দক্ষিণবঙ্গকে বড় দুর্যোগের হাত থেকে বাঁচাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker