দলের দুর্দিনেও বিলাসবহুল সফর! চার্টাড বিমানে অভিষেকের দিল্লি যাতায়াতে কত খরচ জানেন?

বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা চলছে। একদিকে দলীয় অন্দরে অসন্তোষ ও চাপে থাকার অভিযোগ, অন্যদিকে সেই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চার্টার্ড বিমানে দিল্লি যাত্রা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলের পাশাপাশি দলের একাংশের মধ্যেও এই সফর নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিষেকের (Abhishek Banerjee) চার্টার্ড বিমান যাত্রার খরচ
শুক্রবার বিশেষ বিমানে করে রাজধানীর উদ্দেশে রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক বা সাংগঠনিক প্রয়োজনের ক্ষেত্রে এমন সফর অস্বাভাবিক নয়। তবে ভোট-পরবর্তী পরিস্থিতিতে দলের আর্থিক ও সাংগঠনিক অবস্থাকে সামনে রেখে তাঁর এই যাত্রা নিয়ে নানা মহলে সমালোচনার সুর শোনা যাচ্ছে।
বিশেষত সফরের খরচ নিয়েই তৈরি হয়েছে সবচেয়ে বেশি বিতর্ক। বিমান পরিবহনের সঙ্গে যুক্ত এক কর্মীর তরফে জানা যায়, কলকাতা-দিল্লি রুটে একটি চার্টার্ড বিমানের একমুখী ভাড়া ঘণ্টায় প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কলকাতা থেকে দিল্লি চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করতে সব মিলিয়ে প্রায় ৫ ঘণ্টা সময় লাগে। এর সঙ্গে ওয়েটিং ফি, ক্রু মেম্বারদের খরচ, এয়ারপোর্ট হ্যান্ডেলিং, কেটারিং, পার্কিং ফি এবং ট্যাক্স যোগ করলে একদিনের সফরের খরচ প্রায় ৩৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার আশপাশে। অথচ একই রুটে সাধারণ বিমানের বিজনেস ক্লাসে যাত্রা করলে খরচ অনেক কম।দিল্লি যেতে বিমানের বিজনেস ক্লাসের ভাড়া লাগে ৪০ হাজার টাকা। আর ইকনমি ক্লাসের টিকিটের দাম ৫ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে।
এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার্ড বিমান বা কোনও বিশেষ বিমান আমি বলতে পারব না। এখন এবিষয়ে আমি কথা বলার কেউ নই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে, তাহলে আমি কোনওমতে সেটা সমর্থন করছি না।”

আরও পড়ুন : হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি! দিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায়, চিনুন তাঁকে
অন্যদিকে, তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাঁর বক্তব্য, ” চার্টার্ড ফ্লাইট, চপার এগুলো উনি মনে করেন হয়তো ওনার স্টেটাস সিম্বলের জন্য জরুরি। কিন্তু একজন এমপি (MP) যে পরিমাণে টিকিট পান বিজনেস ক্লাসের, টিকিট শেষ করা যায় না। গোটা বিজনেস ক্লাসটা ভাড়া করে নিলেও অনেক কম পয়সায় হয়ে যায়। কিন্তু এই যে পার্টির টাকা এটা তো ওনার ব্যক্তিগত টাকা নয়। যা হিসাবপত্র পাওয়া যায় এই চার্টার্ড ফ্লাইটের পিছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। এতবড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মামলার খরচ, সেই অবস্থায় এর আগেও গেছেন চার্টার্ড ফ্লাইটে, এবারও চার্টার্ড ফ্লাইটে গেলেন।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ বাড়ছে। চার্টার্ড বিমানের খরচ, তার উৎস এবং এর যৌক্তিকতা নিয়ে বিরোধীরা যেমন প্রশ্ন তুলছে, তেমনই দলীয় অন্দর থেকেও উঠে আসছে ভিন্নমত।




