৫ ঘূর্ণাবর্তের দাপটে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি! আর কতদিন চলবে দুর্যোগঃ আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিনের বৃষ্টির ধারা আজও অব্যাহত। ভোর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও ভারী, কোথাও আবার টিপ টিপ করে বর্ষণ হচ্ছে। আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার সারাদিন এমন আবহাওয়া (Weather Update) থাকতে পারে। এই দুর্যোগ আর কতদিন চলবে সেটাও জানা গিয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | (South Bengal Weather)
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের পাশাপাশি মোট পাঁচটি ঘূর্ণাবর্ত অ্যাক্টিভ রয়েছে। সেই সঙ্গেই মৌসুমী অক্ষরেখাও সক্রিয় আছে। এর জেরে একদিকে যেমন বৃষ্টি বাড়ছে, তেমনই আবার কোথাও কোথাও ঝড়েরও দেখা মিলছে।
আরও পড়ুনঃ আর নয় অবসরপ্রাপ্ত বা চুক্তিভিত্তিক কর্মী! কড়া নির্দেশিকা জারি রাজ্য সরকারের
আজ ভোর থেকে শহর কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, মাঝেমধ্যে সূর্যের দেখা পাওয়া গেলেও বৃষ্টি থেকে রেহাই মিলবে না। কলকাতার মতো আজ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকালও ঝড়বৃষ্টির ধারা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির এই সিলসিলা চলবে। মোটামুটি আগামী ২৬ জুলাই অবধি এই রকম আবহাওয়া থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার অবধি বৃষ্টি চলতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর (North Bengal Weather)
উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। আপাতত তা অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। উত্তরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে পরিস্থিতির বদল হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আগামী মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।

সব মিলিয়ে, উত্তর থেকে দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টি চলবে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে মোটামুটি এই রকম আবহাওয়া বজায় থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার অবধি বৃষ্টি চলতে পারে। এরপর আবহাওয়ার নতুন আপডেট আসবে বলে মনে করা হচ্ছে।




