জ্যাভলিন কোয়ালিফায়ারে পাঁচ নম্বরে নীরজ, ফাইনালে ভারতের ৩, পথের কাঁটা শ্রীলঙ্কার রুমেশ

কমনওয়েলথ গেমসে দ্বিতীয়বার সোনা জয়ের লক্ষ্য নিয়ে ট্র্যাকে নামলেন ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। সেই লক্ষ্য পূরণ করতে গেলে সোমবার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ভালো ফলাফল করতেই হত টোকিও অলিম্পিকে সোনাজয়ীকে। প্রত্যাশামতো পারফরম্যান্স করতে না পারলেও তাঁর ফাইনাল খেলা আটকাবে না। ফাইনালে সব মিলিয়ে উঠলেন ভারতের তিন জ্যাভলিন থ্রোয়ার।
গতবার বার্মিংহ্যাম কমনওয়েলথে চোটের জন্য অংশ নেননি ভারতের সোনার ছেলে। তিনি সোনা জিতেছিলেন ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথে। দ্বিতীয়বার সোনার পদক জেতার লক্ষ্য নিয়ে প্রতিযোগিতায় নামার আগে নীরজ জানিয়ে দিলেন, তিনি সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে এদিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তাঁকে প্রতিদ্বন্দ্বীদের কড়া চ্যালেঞ্জের থেকে প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হতে হল। বলা ভালো, এলোমেলো হাওয়া যে কোনও থ্রোয়ারের জন্যই পরিস্থিতি কঠিন করে তুলেছিল।
Neeraj Chopra -76. 28m , first throw. pic.twitter.com/ApJXes3XFn
— Antik Basu (@AntikBasu80384) July 30, 2026
প্রতিকূল আবহাওয়ার মধ্যেই দুরন্ত শুরু শ্রীলঙ্কান থ্রোয়ার রুমেশ পাথিরাজের। তাঁর জ্যাভলিন অতিক্রম করল ৮২.৮৪ মিটার দূরত্ব। সেই শুরুতেই মগডালে বসলেন তিনি। কোয়ালিফায়ারের শেষও করলেন শীর্ষ। আর নীরজ? ফাইনালে উঠতে গেলে ন্যূনতম ৭৫ মিটারের দূরত্ব অতিক্রম করতেই হত। সেই লক্ষ্যে প্রথমবারই সফল ভারতীয় অ্যাথলিট। প্রথমবার ছুড়লেন ৭৬.২৮ মিটার। গত সেপ্টেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৪.৮৫ মিটারের এক থ্রোয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন। তার ধারেকাছে পৌঁছতে পারলেন না। তবে দ্বিতীয় থ্রোয়ে ৩ মিটার বেশি দূরত্ব (৭৯.৬১) অতিক্রম করল তাঁর বর্শা। এই থ্রোয়ের সঙ্গে পাঁচ নম্বরে শেষ করে ফাইনালে উঠলেন বটে, কিন্তু রেখে গেল অনেক প্রশ্ন। আদৌ কি এই পারফরম্যান্স নিয়ে পদক আনতে পারবেন ২৮ বছরের অ্যাথলিট?
তাঁর পথের কাঁটা শ্রীলঙ্কার রুমেশ পাথিরাজ। কঠিন প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন গ্রেনাডিয়ান জাভেলিন থ্রোয়ার অ্যান্ডার্সন পিটার্সও। ৮১.২৯ মিটার ছুড়ে তিনি দ্বিতীয় স্থানে। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার ডাউ স্মিট (৮০.৬৪) এবং ইংল্যান্ডের বেন ইস্ট (৮০.৩৮)। অর্থাৎ প্রত্যেকেই নীরজের চেয়ে ঢের বেশি। অর্থাৎ ফাইনালে পদক জিততে গেলে ভারতীয় অ্যাথলিটকে পুরনো ফর্মে ফিরতেই হবে। উল্লেখ্য, কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি নিয়েছেন নীরজ। সুইৎজারল্যান্ডে ৪৭ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিলেন। অন্যদিকে, সর্বোচ্চ ৭৮.৬৩ মিটার ছুড়ে সাতে শেষ করলেন পাকিস্তানের আরশাদ নাদিম। ভারতের জন্য সুখবর, যশবীর সিং এবং রোহিত যাদব দু’জনেই ফাইনালে উঠেছেন। তাঁদের সর্বোচ্চ থ্রো ৭৮.৩৮ ও ৭৮.৩৭ মিটার।
শেয়ার
লিংক



