উত্তরবঙ্গে দুর্যোগের ঘনঘটা, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

AK Bangla Desk: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার সকাল থেকে কলকাতার আকাশে রোদ ও মেঘের লুকোচুরি চলছে। শহরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা কিংবা মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় চড়া রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি তুলনামূলক ভাবে উদ্বেগজনক। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহেও সেখানে বর্ষণের দাপট অব্যাহত থাকতে পারে। বিশেষ করে পার্বত্য এলাকায় ধস নামা, নদীর জলস্তর বৃদ্ধি এবং নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ৮ অগস্ট বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ওই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে রাজ্যের বিভিন্ন এলাকায় ফের ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।



