0%

অযোধ্যায় গুপ্তধনের খোঁজ! তল্লাশি অভিযানে গাড়ি থেকে বাজেয়াপ্ত ৩.৫ কুইন্টাল সোনা ও রুপোর গয়না

রামমন্দিরে বিরাট অঙ্কের চুরির ঘটনায় শোরগোল পড়েছে গোটা দেশে। এই ডামাডোলের মাঝেই জিএসটি বিভাগের তল্লাশি অভিযানে উদ্ধার হল সোনা ও রুপোর গয়নার বিপুল ভাণ্ডার। এক গাড়িতে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কুইন্টাল সোনা ও রুপোর গয়না বাজেয়াপ্ত করেছেন আধিকারিকরা। এই বিপুল অলঙ্কারের নেপথ্যে বৈধ কোনও নথিপত্র দেখাতে পারেনি অভিযুক্তরা।

স্থানীয় প্রশাসনের তরফে জানা যাচ্ছে, এদিন বিকেলে জিএসটি বিভাগের কাছে গোপন খবর এসেছিল অযোধ্যা-লখনউ হাইওয়ে দিয়ে অবৈধ গয়না নিয়ে যাওয়া হচ্ছে। এই খবরের ভিত্তিতে জিএসটি আধিকারিকরা পুলিশের সাহায্যে রোনাহি টোল প্লাজায় প্রতিটি গাড়ির তল্লাশি শুরু করে। সেই সময় সন্দেহজনক একটি স্পোর্টস কার থামানো হয় পুলিশের তরফে। সেখানে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে ওঠে আধিকারিকদের। দেখা যায় গাড়ির ভিতর থরে থরে সাজানো সোনা ও রুপোর অলংকার।

জিএসটি বিভাগের কাছে গোপন খবর এসেছিল অযোধ্যা-লখনউ হাইওয়ে দিয়ে অবৈধ গয়না নিয়ে যাওয়া হচ্ছে। এই খবরের ভিত্তিতে জিএসটি আধিকারিকরা রোনাহি টোল প্লাজায় তল্লাশি শুরু করে।

অতিরিক্ত কমিশনার ব্রিজেশ কুমার মিশ্র জানিয়েছেন, গাড়ির ভিতর থেকে রুপো, রুপোর গয়না ও কিছু সোনার গয়না উদ্ধার করা হয়েছে। এই সমস্ত অলঙ্কারের প্রেক্ষিতে বৈধ কোনও কাগজপত্র অভিযুক্তরা দেখাতে পারেননি। যার জেরে সমস্ত গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে নোটিস দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য এই বিপুল সোনা ও রুপো কোষাগারে জমা করার প্রস্তুতি চলছে। মিশ্র জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে না পারলে জরিমানা-সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রামমন্দিরের চুরির ঘটনায় ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে দেশে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বছরের পর বছর মন্দির থেকে কোটি কোটি টাকা সরিয়েছে জালিয়াতরা। এমনকী বহুমূল্য রত্ন ও অন্যান্য সামগ্রীও চুরি করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ৩ অভিযুক্ত করুণেশ পান্ডে, লবকুশ তিওয়ারি ও অনুকল্প মিশ্রকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের বয়ান অনুযায়ী, মন্দিরে দানের টাকা প্রথম চুরি করতে শুরু করেন অবিনাশ শুক্লা। শুরুতে সেই টাকার অঙ্ক ছিল দিনে ২০০০। পরে চুরি চালাতে রীতিমতো দল গঠন করে তাঁরা। চুরির পরিমাণ একলাফে বেড়ে হয় দিনে ৩ লক্ষ টাকা। শুরুতে এই চুরির সঙ্গে যুক্ত ছিলেন মাত্র ২ জন। পরে ধীরে ধীরে বাকিদের মধ্যেও চুরির কথা ছড়িয়ে পড়ে। তখন তাঁদেরও দলে টেনে নেওয়া হয়। এই ঘটনার মাঝেই এবার সাড়ে ৩ কুইন্টাল গয়না উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পরে গিয়েছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker