সরকারি স্কুলে তৈরি হবে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব! পড়ুয়াদের কী কী শেখানো হবে জানুন

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী নতুন রাজ্য সরকার। ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার জানা গেল, সরকারি স্কুলগুলিতে (Government School) ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব (Digital Content Creator Lab) বানানোর উদ্যোগ নিতে শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। এই ল্যাবে কী শেখানো হবে সেটাও জানা গিয়েছে।
সরকারি স্কুলে এবার ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব | (Digital Content Creator Lab)
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষাক্ষেত্রে আমূল বদল এসেছে। এবার ডিজিটাল অর্থনীতির উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করে কর্মসংস্থানের পথ খুলে দেওয়ার জন্য স্কুলগুলিতে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব বানানোর উদ্যোগ নেওয়া হল। রাজ্যের সরকারি বিদ্যালয়গুলির নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই বিশেষ প্রকল্প শুরু করা হবে।
আরও পড়ুনঃ ‘এই ১ মাসের মধ্যে…’! সই জাল কাণ্ডে অভিষেককে নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল স্কুল স্তর থেকে ছাত্রছাত্রীদের সৃজনশীলতার বিকাশ ঘটানো ও ডিজিটাল অর্থনীতির জন্য উপযোগী মানবসম্পদ তৈরি করা। এই দুই মূল লক্ষ্য সামনে রেখে সরকারি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ভিএফএক্স, অ্যানিমেশন ইত্যাদি শেখানো হবে। বছরে প্রায় ১০ হাজার ছাত্রছাত্রীকে ডিজিটাল কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
সংশ্লিষ্ট দফতর সূত্রে আরও খবর, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাবের মাধ্যমে পড়ুয়াদের মূলত গেমিং, ভিসুয়াল এফেক্টস, অ্যানিমেশন, এক্সটেন্ডেড রিয়্যালিটি, কমিকস সহ নানা আধুনিক, কর্মমুখী প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হবে। প্রকল্পটি যাতে দ্রুত বাস্তবায়িত হয়, সেই জন্য তৎপরতা শুরু হয়েছে।

ইতিমধ্যেই স্কুল শিক্ষা কমিশনারের তরফে বিভিন্ন জেলার জেলা বিদ্যালয় পরিদর্শকদের এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ২২ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলিকে নিজেদের কম্পিউটার ল্যাব ও আইসিটি বিষয়ক যাবতীয় তথ্য শিক্ষা দফতরে জমা করতে হবে।
সরকারি স্কুলের পড়াশোনা নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। তবে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাব্যবস্থার দিকে বাড়তি নজর দিয়েছে বিজেপি সরকার। তাঁদের ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির এই উদ্যোগ সেই বিষয়টিরই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।




