আরও বিপাকে অসিত মজুমদার! প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ ২০১১ সাল থেকে ২০২৬ সাল অবধি চুঁচুড়ার বিধায়ক। সেই অসিত মজুমদারের (Asit Mazumder) বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ। প্রবীণ তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনেছেন এক যুবতী। ফলে এখনও জেলমুক্তি হল না তাঁর।
ফের জেল হেফাজতে অসিত মজুমদার (Asit Mazumder)
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে গত ৩০ মে অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই সঙ্গেই পুলিশকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ সামনে আসে। পরবর্তীতে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে পুলিশ ও অসিত সহ ১০ জন গ্রেফতার হন।
এরপর চুঁচুড়ার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। তোলাবাজির অভিযোগে মামলার পর এবার তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ২০২৩ সালের একটি ধর্ষণের চেষ্টার মামলা যুক্ত হয়েছে বলে খবর। চুঁচুড়ার ৮ নং ওয়ার্ডের এক যুবতীর অভিযোগের ভিত্তিতে বর্ষীয়ান তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে ভুল হয়েছে? কী করতে হবে জানুন
এদিকে শুক্রবার অসিত মজুমদারের পাশাপাশি চুঁচুড়ার ভাইস চেয়ারম্যান পার্থ সাহা এবং তৃণমূল নেতা মির্জা সানোয়ার আলিকে চুঁচুড়া আদালতে তোলা হয়েছিল। গত ৩০ মে-র ঘটনায় এই তিনজন সহ মোট ১০ জন গ্রেফতার হয়েছিলেন। এর মধ্যে আগেই ৭ জন জামিন পেয়েছিলেন। তবে অসিত, পার্থদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠায় তাঁরা জামিন পাননি। তবে গতকাল অসিত ছাড়া বাকি দু’জনের জামিন মঞ্জুর করে আদালত। প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে নয়া মামলা হওয়ায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
এই বিষয়ে অসিত বলেন, “কোনও কিছু বলার ভাষা নেই। ঈশ্বর আছে, ঠিকই বিচার হবে। বিচারব্যবস্থা রয়েছে, সব দেখবে”। এই মামলার পরবর্তী শুনানি আগামি ১৯ জুন।

প্রসঙ্গত, চুঁচুড়া থেকে গত তিন বিধানসভা নির্বাচনে জয়ী হলেও এবার টিকিট পাননি অসিত মজুমদার। তাঁর পরিবর্তে যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করিয়েছিল তৃণমূল। তাঁর হয়ে প্রচারে ঝাঁপিয়েছিলেন অসিত। তবে জয়ের মুখ দেখতে পারেননি দেবাংশু। তাঁকে টেক্কা দিয়ে বাজিমাত করেন বিজেপি প্রার্থী সুবীর নাগ।




