‘ইলিশ থেকে পান্তা’ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু কী কী খেতে ভালোবাসেন? ‘সিক্রেট’ বলে দিলেন মা

বাংলা হান্ট ডেস্ক : তৃণমূল সরকারকে সরিয়ে এবার ক্ষমতায় বসতে চলেছে বিজেপি সরকার। কাল রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠান। আজ দলীয় বৈঠকেই ঘোষণা করা হয়েছে তাঁর নাম। রাজনৈতিক জীবনে কড়া বাক্যবাণে বিদ্ধ করা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিবারের কাছে একেবারেই ঘরের ছেলে।
শুভেন্দুর (Suvendu Adhikari) ব্যাপারে কী বললেন তাঁর মা ?
প্রবীণ রাজনৈতিক নেতা শিশির অধিকারীর ছেলে শুভেন্দু অধিকারীকে সাধারণ মানুষ বরাবরই ‘রাফ অ্যান্ড টাফ’ হিসেবেই চিনে এসেছে। রাজনৈতিক সভামঞ্চে তাঁর তীক্ষ্ণ বক্তৃতা এবং বিরোধীদের বিরুদ্ধে কড়া আক্রমণ বহুবার শিরোনামে এসেছে। তবে রাজনৈতিক জীবনে যতই কঠোর ভাবমূর্তি থাকুক না কেন, বাড়িতে শুভেন্দু নাকি একেবারেই শান্ত স্বভাবের মানুষ। অন্তত এমনটাই জানিয়েছেন তাঁর মা গায়েত্রী অধিকারী।
গায়েত্রী দেবীর কথায়, পরিবারের অন্য ছেলেরা ছোটবেলায় দুষ্টুমি করলেও শুভেন্দু ছিলেন অনেকটাই শান্ত। তিনি বলেন, “ও বকার মধ্যে ছেলেই নয়। বাকি ছেলেদের বকেছি…ওকে বকতে হয়নি।” শুধু স্বভাব নয়, খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও নাকি বিশেষ কোনও বাদ বিচার নেই শুভেন্দুর। তবে ইলিশ মাছের প্রতি তাঁর আলাদা ভালবাসার কথা জানিয়েছেন মা।গায়েত্রী দেবীর কথায়, “অল্প বয়স থেকে অনেক কিছু হয়েছে। কলেজের জিএস হয়েছে, পৌরসভার চেয়ারম্যান..দুটো ব্যাঙ্কের চেয়ারম্যান। তারপর বিধায়ক হল।”
ছেলের প্রতিদিনের খাদ্যাভ্যাস নিয়েও মুখ খুলেছেন তিনি। গায়েত্রী দেবী বলেন, “বাড়িতে সকালে টিফিন করে সবজি-রুটি, ফল। বাইরে গেলে কী করে জানি না…ঘরে এমনই খায়। গরমকালে রাতে আলুভাতে, জল ঢালা ভাত খায়। এছাড়া মাছ ভাজা…পোস্ত-ডালও খায়। ইলিশ মাছ হলে খুব ভাল খায়। ইলিশ ভাপা কিংবা ভাজা খেতে ভালবাসে…।”
আরও পড়ুন : বাংলার নবম মুখ্যমন্ত্রী, কতদূর পড়াশোনা করেছেন শুভেন্দু?
রাজনৈতিক মঞ্চে কড়া, আক্রমণাত্মক ভাষণের জন্য পরিচিত, শুভেন্দু অধিকারীর এই ঘরোয়া ছবি অনেকের কাছেই অন্যরকম। ক্ষমতার শীর্ষে পৌঁছেও তাঁর ব্যক্তিগত জীবনে যে সাধারণ বাঙালিয়ানার ছাপ রয়েছে, তাঁর মায়ের কথাতেই তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে।



