এবার হিন্দি হবে শীর্ষ আদাতের সরকারি ভাষা! জনস্বার্থ মামলা নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট?

শীর্ষ আদালতের সরকারি ভাষা হোক হিন্দি। এই বিষয়ে সুপারিশ করে কেন্দ্রকে একটি কমিশন গঠনের নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। যদিও ওই মামলা শুনানি অবধিও গড়াল না। তার আগেই মামলা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনাকে নিয়ে গঠিত একটি বেঞ্চ জানিয়েছে, ভাষা-সংক্রান্ত সংস্কারের বিষয়টি ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে বিবেচনা করা হচ্ছে। নতুন করে বিচার বিভাগীয় নির্দেশের মাধ্যমে তা কার্যকর করা সম্ভব নয়।
সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি করেন ব্রহ্মেশ্বর নাথ মিশ্র। যেখানে শীর্ষ আদালতের সরকারি ভাষা হিসেবে হিন্দি ব্যবহারের বিষয়ে সুপারিশের লক্ষ্যে একটি কমিশন গঠনের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি নির্দেশ জারির আর্জি জানানো হয়। ব্রহ্মেশ্বরের পক্ষে এজলাশে উপস্থিত আইনজীবী আরজি জানান, হিন্দিকে সুপ্রিম কোর্টের সরকারি ভাষা করতে কেন্দ্রকে এমন একটি কমিশন গঠনের নির্দেশ দেওয়া যেতেই পারে। তিনি এই আবেদনের সমর্থনে একাধিক সাংবিধানিক বিধানের উল্লেখ করেন।
উত্তরে প্রধান বিচারপতি জানান, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ধাপে ধাপে ভাষা-সংক্রান্ত সংস্কার করছে। তিনি বলেন, “আমরা এখনই সমস্ত প্রতিবেদনের সংক্ষিপ্ত বিবরণ হিন্দিতে দিচ্ছি। এরপর আমরা অন্যান্য আঞ্চলিক ভাষার ব্যবহারও শুরু করব।” যোগ করেন, আদালত দেশের ভাষাগত সংস্কৃতি বজায় রাখবে এবং আঞ্চলিক ভাষাগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “এসব বিষয় আদালতের আদেশের মাধ্যমে হয় না। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ধীরগতিতে ও পর্যায়ক্রমে এগুলো সম্পন্ন হয়। আমরাও সেভাবেই কাজ করছি।” শেষ পর্যন্ত জনস্বার্থ মামলাটি খারিজ করা হয়।
শেয়ার
লিংক



