‘কুঁড়ে-মন্থর-বিরক্তিকর’, ভারতের বিরুদ্ধে ‘নামমাত্র’ জয়! ভিনিদের ছিঁড়ে খাচ্ছে ব্রাজিলের মিডিয়া

ব্রাজিলের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রশংসা চলছে। ০-৪ গোলে হারলেও ব্লু টাইগার্সরা মুগ্ধ করেছে। কিন্তু ব্রাজিল? তারা কি মন খুশি করতে পারল? যুবভারতীতে ভিনিসিয়াসদের খেলায় সাম্বার নামগন্ধ পাওয়া যায়নি। তাতে হতাশ এদেশের ভক্তরা। কিন্তু ব্রাজিলের সংবাদমাধ্যম রীতিমতো ছিঁড়ে খাচ্ছে কার্লো আন্সেলোত্তির দলকে। ‘ঘুমন্ত’, ‘কুঁড়ে’, ‘জঘন্য’- বাছা বাছা বিশেষণে ভিনিদের আক্রমণ করা হচ্ছে।
ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ৫। ভারত ১৩৮। দু’দেশের মধ্যে ১৩৩ র্যাঙ্কিংয়ের তফাত। ব্রাজিলের নামের পাশে পাঁচ-পাঁচবার বিশ্বজয়ের তকমা। অনেকেই আশা করেছিলেন, মার্কুইনহোসরা হয়তো ‘ছেলেখেলা’ করবেন ভারতকে নিয়ে। কিন্তু তা একেবারেই হয়নি। ভারত লড়াই করেছে, এটা যেমন ঠিক। তেমনই ব্রাজিলের পারফরম্যান্সও ঠিক ব্রাজিলসুলভ নয়। স্কিলের ঝলকানি নেই, পাসিংও আশানুরূপ নয়।
যা নিয়ে আন্সেলোত্তির ছেলেদের চেপে ধরেছে ব্রাজিলের সংবাদমাধ্যম। ‘ফোলা’ গ্রুপের সংবাদমাধ্যম ‘ইউএলও’ লিখেছে, ‘ফের হতাশ করে ব্রাজিল কলকাতায় দুর্বল ভারতকে ৪-০ গোলে হারিয়েছে। প্রথম থেকে ঝিমিয়ে ছিল, খেলার কোনও উৎসাহ ছিল না। বাঁদিকে ভিনিসিয়াস জায়গা পেয়েও কাজে লাগাতে পারেননি।’ টেরা নিউজ বলেছে, ‘সাম্প্রতিক সময়ে সবচেয়ে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে একেবারেই ভালো খেলতে পারেনি।’
ও গ্লোবো লিখেছে, ‘আক্রমণে এত মন্থরতা, আগে দেখা যায়নি। অনুশীলন ম্যাচেও এত খারাপ খেলা যায় না। র্যাঙ্কিংয়ে এত এগিয়ে। অথচ ম্যাচে কোনও নিয়ন্ত্রণই দেখাতে পারেনি।’ ব্রাজিলের প্রাক্তন ফুটবলার ফিলিপে মেলো বলেছেন, “ব্রাজিল পিছিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচটি বিশ্বকাপের থেকে খারাপ ছিল। দ্বিতীয় ম্যাচে কিছুটা উন্নতি করে। ভারতের বিরুদ্ধে প্রত্যাশার চেয়েও খারাপ খেলেছে। উন্নতির বদলে ব্রাজিল ক্রমশ পিছিয়েই যাচ্ছে।”
শেয়ার
লিংক



