0%

ক্রিকেটের ‘ঈশ্বর’কে অনুসরণ! দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় ১৭৯ রান করে কী বলছেন বাভুমা? 

অস্ট্রেলিয়ার পেস আক্রমণ সামলানো যে কতটা কঠিন, তা হাড়ে হাড়ে টের পাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। দলের প্রথম সারির ব্যাটারেরা ব্যর্থ। সেই কঠিন পরিস্থিতি থেকে দলকে বাঁচালেন টেম্বা বাভুমা। তাঁর ১৭৯ রানের অধিনায়কোচিত ইনিংসে ভর করে সেন্ট জর্জেস পার্কে তিন টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪২৫ রান তুলল দক্ষিণ আফ্রিকা। অনন্য ইনিংসের পর প্রোটিয়া অধিনায়ক জানালেন, তিনি অনুসরণ করেন লিটল মাস্টার শচীন তেণ্ডুলকরকে।

মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষে নিজের ব্যাটিং নিয়ে মুখ খুললেন বাভুমা। ছোটবেলা থেকেই তাঁর আদর্শ শচীন। ভারতীয় কিংবদন্তির ব্যাটিং কৌশল কীভাবে নিজের খেলায় কাজে লাগানোর চেষ্টা করেন, তাও জানালেন প্রোটিয়া অধিনায়ক। বাভুমার কথায়, “আমি শচীনের ব্যাটিং অনুসরণ করার চেষ্টা করি। আমি তো খুব একটা লম্বা নই। তাই খুব বড় পা বাড়িয়ে (স্ট্রাইড) শট খেলা আমার পক্ষে কঠিন। এগিয়ে যাওয়ার সুযোগ আমার নেই। সেজন্য শরীর কম নাড়িয়ে যত সংক্ষেপে কাজ সারা যায়, সেই চেষ্টা করি। কখনও কখনও তাতে সমস্যায় পড়তে হয়। তবে আমার মনে হয়, এটাই আমার খেলায় সবচেয়ে বেশি কাজে দেয়। আমি বলটা শরীরের যত কাছাকাছি সম্ভব এনে খেলার চেষ্টা করি। আশা করি, এই কৌশলেই সাফল্য পাব।”

ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে দক্ষিণ আফ্রিকা। প্রথম তিন ব্যাটার মিলে করেন মাত্র ১৭ রান। এমন পরিস্থিতিতে হাল ধরেন অধিনায়ক। ৩৩৪ বলের ইনিংসে ১৭৯ রান করে শুধু দলকে বিপদ থেকে উদ্ধারই করেননি, ম্যাচের রাশও অনেকটা নিজেদের হাতে নিয়ে আসেন। এই ইনিংসকে টেস্ট কেরিয়ারের অন্যতম সেরা বলেই মনে করছেন বাভুমা। তিনি বলেন, “টেস্টে আমার অন্যতম সেরা ইনিংস এটা। খুবই কঠিন অবস্থায় ব্যাট করতে নেমেছিলাম। এর আগেও অনেকবার ইনিংসের শুরুতেই ব্যাট করতে নেমে ৫০-৬০ রান করেছি। যা দলের উপকারে লেগেছিল। তবে এবার সেই রানকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পেরেছি। সেটাই সবচেয়ে ভালো লাগছে।”

তবে বাভুমা একা নন, ব্যাট হাতে অবদান রাখেন মার্কো জানসেন ও সাইমন হারমার-ও। জানসেনের ৮৫ এবং হারমারের ৮২ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকার ভিত আরও পোক্ত করে। অস্ট্রেলিয়ার পেস আক্রমণে সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আয়োজক দক্ষিণ আফ্রিকা। তাদের রানের পাহাড়ের সামনে ব্যাট করতে নেমে অজি দলের রান ১ উইকেটে ৩। রানের খাতা না খুলেই কাগিসো রাবাডার বলে সাজঘরে ফিরেছেন নিক ম্যাডিনসন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker