0%

গম্ভীরকে ‘পাত্তা’ নয়, বিশ্বকাপ নিয়ে সটান বোর্ডের দ্বারস্থ বিরাট-রোহিত! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট

গৌতম গম্ভীর হেডকোচ হলেও তাঁকে মোটেই পাত্তা দিচ্ছেন না বিরাট কোহলি-রোহিত শর্মারা! টিম ম্যানেজমেন্টকে টপকে বিসিসআইয়ের একেবারে শীর্ষ কর্তাদের সঙ্গে তাঁদের যোগাযোগ? প্রকাশ্যে এল এমনই রিপোর্ট। মনে করা হচ্ছে, বিরাট-রোহিতদের মতামত খুব স্পষ্ট। নিজেদের নতুন করে প্রমাণ করতে তাঁরা আগ্রহ নন। গম্ভীরের সঙ্গেও তাঁদের যোগাযোগ একেবারে নেই বললেই চলে। এহেন ডামাডোলের মধ্যেই আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারত। দলের মধ্যে ঐক্য থাকবে তো? উঠছে প্রশ্ন।

ভারতীয় দলের হেডকোচ হিসাবে দায়িত্ব নিয়েই দলের মহাতারকা সংস্কৃতি ঘোচানোর ডাক দিয়েছিলেন গম্ভীর। ক্রিকেটমহলের সকলেই ধরে নিয়েছিলেন, এই নির্দেশিকা আসলে বিরাট-রোহিতদের জন্যই। গম্ভীর দায়িত্ব নেওয়ার একবছরের মধ্যেই টেস্ট থেকে অবসর নেন দুই মহাতারকা। আপাতত কেবল ওয়ানডে’তে খেলেন তাঁরা। ওয়াকিবহাল মহলের দাবি, ওয়ানডে টিম নিয়ে সেভাবে উদ্যোগী হননি গম্ভীর। তিনি মন দিয়েছেন বাকি দুই ফরম্যাটে। গত দেড়বছর ধরে টিম ইন্ডিয়া নাকি এভাবেই চলেছে।

কিন্তু এবার বদলাবে ছবিটা। বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ানডে’তেও এবার সক্রিয় হবেন গম্ভীর। দল নির্বাচনের জন্য বেশ কিছু শর্ত রেখেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি। এহেন পরিস্থিতিতে আইপিএল চলাকালীন বিরাট স্পষ্ট জানিয়ে দেন, নতুন করে তাঁর আর কিছু প্রমাণ করার নেই। রোহিত কিছু না বললেও সূত্রের খবর, গত বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে নিঃস্বার্থ ব্যাটিং করেছেন সেই মনোভাব এবার বদলে ফেলেছেন তিনি।

আরও শোনা যাচ্ছে, টিম ম্যানেজমেন্টের পরিবর্তে বোর্ড কর্তাদের সঙ্গেই যোগাযোগ করেছেন দুই মহাতারকা। ওয়ানডেতে তাঁদের ভবিষ্যৎ নিয়ে সাফ জবাব চেয়েছেন বোর্ডের কাছে। চলতি সপ্তাহে আফগানিস্তান সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে মেন ইন ব্লু। সেই সিরিজে নেই বিরাটরা। শেষ পর্যন্ত বিশ্বকাপের নীল নকশায় কি তাঁরা থাকবেন? নাকি গম্ভীরের নতুন নীতি মেনে সাজানো হবে বিশ্বকাপের দল? সবমিলিয়ে বিশ্বকাপের বছরদেড়েক আগে বোর্ডের সামনে বেশ বড় চ্যালেঞ্জ। কোন পথে এগোবে ভারতীয় ক্রিকেট? 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker