জমিদখল থেকে কোটি টাকার দুর্নীতি! শাহজাহানদের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন

সবদিক নিউজ: সন্দেশখালিতে জমি দখল মামলায় এবার শাহজাহান শেখ এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে চার্জ গঠন করল ইডি। সোমবার কলকাতার ইডি-র বিশেষ আদালতে এই মামলার চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ভয় দেখিয়ে সাধারণ মানুষের জমি দখল করে বিপুল অঙ্কের টাকা উপার্জন করেছিলেন অভিযুক্তরা। ইডি সূত্রে দাবি, জমি দখল ও বেআইনি লেনদেনের মাধ্যমে মোট প্রায় পাঁচ কোটি টাকা ‘প্রসিড অফ ক্রাইম’ হিসাবে শনাক্ত করা হয়েছে। অর্থাৎ দুর্নীতি বা বেআইনি উপায়ে যে টাকা আয় করা হয়েছে, সেটিকেই তদন্তের ভাষায় ‘প্রসিড অফ ক্রাইম’ বলা হয়।
শাহজাহান শেখের পাশাপাশি এই মামলায় আলমগির, শিবপ্রসাদ হাজরা এবং দিদার বক্স মোল্লার বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে। আদালত সূত্রে জানা যাচ্ছে, আগামী ৭ জুলাই থেকে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে। এই মামলায় মোট ৩০ জন সাক্ষী রয়েছেন। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার সূত্র ধরেই প্রথম শাহজাহান শেখের নাম সামনে আসে। ২০২৪ সালের জানুয়ারি মাসে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই ঘটনার পর থেকেই উধাও হয়ে যান শাহজাহান।
প্রায় দু’মাস পরে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। পরে আদালতের নির্দেশে শাহজাহান শেখকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। সিবিআই হেফাজতে থাকাকালীন ইডিও তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়। শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালিতে গ্রামবাসীদের উপর অত্যাচার, জমি জবরদখল, মাছের ব্যবসার আড়ালে বেআইনি আর্থিক লেনদেন-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। গ্রেফতারির পর তাঁকে ছ’বছরের জন্য দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। এবার জমিদখল মামলায় চার্জ গঠন হওয়ায় শাহজাহান শেখের আইনি জটিলতা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।



