‘পরিস্থিতি খুব খারাপ’, বাস-ট্রাম থেকে টোটো পরিবহন ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ নতুন রাজ্য সরকারের হাত ধরে আগামী দিনে বদলে যেতে চলেছে শহর কলকাতার পরিবহণ ব্যবস্থা (Transportation System) । রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিংয়ের (Arjun Singh) মন্তব্যে এবার ধরা পড়ল তেমনই ইঙ্গিত। শহর জুড়ে ট্রাম পরিবহণ ব্যবস্থা পুনরুজ্জীবনের পাশাপাশি এবার চিন্তাভাবনা চলছে বাস,টোটো থেকে শুরু করে গিগ ওয়ার্কার নিয়েও। সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতার ট্রাম পরিষেবা পুনরুজ্জীবনের জন্য RITES-কে ব্লুপ্রিন্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে৷
টোটো নিয়ে স্পষ্ট বার্তা অর্জুন সিংয়ের
পুরনো সরকারের আমলে টোটোচালকদের ঢালাও ‘পারমিট’ দেওয়ার ফলে রাস্তাঘাটে অতিরিক্ত টোটো চালক হয়ে গিয়েছে। যার ফলে ব্যাপক যানজটের সমস্যা তৈরী হয়। এমনকি টোটো চালকদের দাদাগিরির জেরে ব্যাপক ক্ষতি হয় বাসের। এপ্রসঙ্গে এদিন পরিবহণমন্ত্রী অর্জুন সিং সাফ জানিয়েছেন, ‘মেন রোডে টোটো চলার জন্য বাস মার খাচ্ছে, অ্যাক্সিডেন্টও হচ্ছে। এবার থেকে টোটো চললে গলি, কিংবা পাড়ার মধ্যে চলুক৷ মেন রোড থেকে টোটো সরাতে হবে।’
সরকারি বাস নিয়ে বড় বার্তা
সরকারি বাস নিয়ে নিত্যযাত্রীদের মুখে মাঝে মধ্যেই অভিযোগ শোনা যায়৷ অনেকেই দাবী করেন, সন্ধের পরে রাস্তায় সরকারি বাসের সংখ্যা অনেকটাই কম থাকে। এই প্রসঙ্গে কোনো রাখঢাক না রেখেই পরিবহণমন্ত্রী অর্জুন সিং এদিন বলেন, ‘আমি কোনও কথাই লুকাবো না। বর্তমানে পর্যাপ্ত বাস, নেই, সেই জন্য বাস পাচ্ছেন না। বাস আসছে, খুব শিগগিরই পাবেন। ৬০টি বাস চার মাস আগে এসেছিল আমরা চালু করব। বর্তমানে পরিস্থিতি খুব খারাপ। দিল্লি থেকে বাস আসবে, প্রথমে চার্জিং পয়েন্ট তৈরি করব। মোট ৪৭০টি সরকারি বাস কেনার জন্য চেষ্টা করা হচ্ছে, যেগুলো পুজোর আগে আসবে।’
আরও পড়ুনঃ বাড়ছে এসি লোকাল, কোন রুটে ও কোথায় স্টপেজ? দেখে নিন তালিকা
ট্রাম পরিষেবা নিয়েও দিয়েছেন আশ্বাস
ট্রাম চলাচল নিয়ে শহরবাসীর আবেগের কথা মাথায় রেখে ইতিমধ্যেই রাজারহাট থেকে নিউটাউন রুটে ট্রাম পরিষেবা চালু করার প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই শুরু হয়েছে সমীক্ষার কাজ৷ পাশাপাশি মানুষের ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে আগামীদিনে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রাম পরিষেবা চালু করা হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিবহণমন্ত্রীর আশ্বাস, নতুন রুট তো চালু হবেই পাশাপাশি আগে যে ৭০টি রুটে ট্রাম পরিষেবা ছিল, সেগুলিও চালু করা হবে।সূত্রমতে, পরপর কয়েকটি ধাপ অনুসরণ করে গোটা কর্মকান্ড চলবে ৷ যার প্রথম পর্যায়ে পুরনো ট্রাম রুটের আধুনিকীকরণ করা হবে।
শহরবাসীর উদ্দেশ্যে এদিন পরিবহণ অর্জুন সিং জানিয়েছেন আগামীদিনে ঢেলে সাজানো হবে রাজ্যের পরিবহণ ব্যবস্থা। কলকাতার রাস্তায় চলবে নতুন এয়ার কান্ডিশনড ট্রাম ৷ তাঁর অভিযোগ প্রাক্তন সরকার রাস্তার মাঝখানেই ট্রামলাইন রেখেছিল৷ এবার সেই ভুল শুধরে দিতেই রাস্তার বাঁদিক দিয়ে ট্রাম লাইন পাতার উদ্যোগ নিতে চলেছে বর্তমান সরকার৷ এখানেই শেষ নয়, বিদেশের মতো ব্যাটারিচালিত ট্রাম চালানোর ব্যাপারেও ভাবনাচিন্তা করা হচ্ছে।
আরও পড়ুনঃ ফিরছে ৭৫০০ শ্রমিকের রোজগার, মাত্র ১০ দিনে ১৮ জুটমিল খোলার পথে শ্রমমন্ত্রী অর্জুন সিং
গিগ ওয়ার্কারদের জন্য বিশেষ ঘোষণা
ফুড ডেলিভারি সংস্থা থেকে শুরু করে অনলাইন প্লাটফর্মে কর্মরত কর্মীদের জন্য এবার ঘোষণা করল রাজ্য সরকার। অর্জুন সিংয়ের কথায়, ‘গিগ ওয়ার্কারদের PF, ESI দিতে হবে। কিছুদিন আগেই তারাতলায় যে ঘটনা ঘটেছে তাতে মাত্র একজনের পিএফ ও ইএসআই ছিল। আমরা চাইতেও ক্ষতিপূরণ দিতে পারছি না। পিএফ, ইএসআই থাকলে ক্ষতিপূরণ দিতে পারতাম।’



