0%

বর্ষার দাপট উত্তর থেকে দক্ষিণে! কালিম্পং থেকে মেদিনীপুর— ভারী বৃষ্টির সতর্কতা জারি

AK Bangla 24×7 Digital:  বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা। রবিবারও শহরে বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত শহরে ৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার একাধিক এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।

পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি এবং কালিম্পঙের এক বা দুই জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker