শিলিগুড়ি থেকে মাত্র ৫০ কিমি! পাহাড়ি নদীর জলে পা ডুবিয়ে নিভৃত বাস কাটাতে চান? চলে যান এখানে

চিত্র- সংগৃহীত
AK Bangla Desk: “এই মেঘলা দিনে একলা
ঘরে থাকে না তো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ”
বর্ষায় ভ্রমণপিয়াসী বাঙালির বাড়িতে থাকলেই করে মন আনচান। মন চায় কয়েকটা দিন প্রিয়জনের সঙ্গে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে পরিবেশে কাটিয়ে আসতে। বর্ষায় প্রকৃতির সান্নিধ্যে দুদণ্ড শান্তিতে কাটাতে চাইলে আপনার গন্তব্য হতে পারে ডুয়ার্সের অফবিট পর্যটন কেন্দ্র পাপরখেতি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ফুট উঁচুতে অবস্থিত ছবির মতো সুন্দর সাজানো গোছানো ছিমছাম পাহাড়ি গ্রাম পাপরখেতি। এখনো সেভাবে পর্যটকদের আনাগোনা শুরু হয়নি।
বর্ষায় সবুজের সমারোহ দেখা যায় ডুয়ার্সে এলে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে বেড়াতে যেতেই হবে পাপরখেতি। শিলিগুড়ি থেকে গোরুবাথান হয়ে লাভা যাওয়ার পথে পড়বে পাপরখেতি।

শিলিগুড়ি থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে বা গজলডোবা হয়ে যাওয়া যায় পাপরখেতি। সেবক হয়ে গেলে ৬৫ কিলোমিটার দূরত্ব। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যায়।
পাপরখেতি একটি পিকনিক স্পট। টিকিট কেটে ঢুকতে হবে। গোরুবাথানের পশ্চিম দিকে কুলকুল শব্দ করে বয়ে চলেছে চেল নদী। পাথরের ওপর বসে পাহাড়ি নদীর জলে পা ডুবিয়ে বসে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। এছাড়াও রয়েছে সুউচ্চ পাহাড় ও সবুজে ঢাকা জঙ্গল। নদী পাহাড় ও জঙ্গলের পাশাপাশি আছে চা বাগান। চা বাগানের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছে যাওয়া যায় পাপরখেতি। কয়েকটি বাড়িঘর আর দোকান মিলিয়ে ছিমছাম পাহাড়ি গ্রাম পাপরখেতি। থাকার জন্য রয়েছে হোম স্টে।




