0%

সংঘর্ষবিরতি শিকেয়, রাশিয়ায় ১০০০ ড্রোন হামলা ইউক্রেনের, বিস্ফোরণ জ্বালানিকেন্দ্রেও

ডোনাল্ড ট্রাম্পের সংঘর্ষ বিরতির দাবি উড়িয়ে ফের রাশিয়ার শক্তিসম্পদ কেন্দ্রগুলিকে টার্গেট করল ইউক্রেন। রবিবার ইউক্রেনীয় হামলায় সেন্ট পিটার্সবার্গের একটি জ্বালানি রপ্তানিকেন্দ্রে আগুন ধরে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রালয়ের দাবি, শনিবার গভীর রাতে সাম্প্রতিককালে আকাশপথে অন্যতম বৃহত্তম হামলা চালিয়েছে জেলেনস্কির দেশ। রাশিয়া ১৫টি অঞ্চলে ১০০০টির বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে খবর।

রাশিয়ার জ্বালানি কেন্দ্রগুলিতে হামলা চালানোয় ক’দিন আগেই কিয়েভের সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেও নতুন করে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় রুশ-ইউক্রেন সংঘর্ষ অন্যদিকে বাঁক নিল। জেলেনস্কি কার্যত বুঝিয়ে দিলেন, মার্কিন প্রেসিডেন্টের ফাঁকা আওয়াজকে পাত্তা দিতে নারাজ তিনি। জানা গিয়েছে শনিবার রাতের হামলায় একজন রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আর পাঁচজন।

ইউক্রেনের ড্রোন আছড়ে পড়তেই দাউদাউ করে আগন ধরে যায় সেন্ট পিটাসবার্গের জ্বালানি রপ্তানি কেন্দ্রটিতে। এছাড়াও শহর প্রশাসন জনিয়েছে, রুচি জ্বালানিকেন্দ্রও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ান খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওজোন-এর একটি লজিস্টিক সেন্টার এবং স্থানীয় প্রযুক্তি জায়ান্ট ভিকে-এর একটি ডেটা সেন্টারকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল বলেও উভয় সংস্থা নিশ্চিত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, রাশিয়ার ১৫টি অঞ্চল, অধিকৃত ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়া এবং কৃষ্ণসাগর এলাকায় ইউক্রেনের ১,০১৫টি ড্রোন ধ্বংস করেছে রুশ সেনা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস-কে বলেছেন, মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে “প্রতিরোধ” গড়ে তুলছে কিয়েভ। যদিও “ঘটনাপ্রবাহের বর্তমান গতিপথ” পরিবর্তন করতে পারবে না ইউক্রেন। এদিকে জেলেনস্কি প্রশাসনের দাবি, রাশিয়ার চালানো পরপর দু’টি হামলার ঘটনায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় একজন মহিলা নিহত হয়েছেন। ৬ বছর বয়সি এক শিশুকন্যা-সহ আরও দুজন আহত হয়েছেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker