সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল পুলিশ! প্রতিবাদে এবার অনশনে বসছেন অভিজিৎ দীপকে

সবদিক নিউজ: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন ভাঙিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর এবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রাজধানী দিল্লিতে। অন্যদিকে, নতুন করে অনশনের ডাক দিয়ে চাঞ্চল্য তৈরি করলেন ‘ককরোচ জনতা পার্টি’-র নেতা অভিজিৎ দীপকে।
টানা ২০ দিন ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ পাঁচ দফা দাবিতে যন্তর মন্তরে অনশন করছিলেন সোনম ওয়াংচুক। শনিবার সকালে দিল্লি পুলিশ একপ্রকার জোর করেই তাঁর অনশন ভাঙিয়ে সফদরজং হাসপাতালে নিয়ে যায়। পুলিশি বিবৃতিতে জানানো হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনেই প্রয়োজনীয় চিকিৎসার স্বার্থে ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে সোনমকে হাসপাতালে পৌঁছানোর পরই সেখানে উপস্থিত হন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তিনি স্পষ্ট দাবি জানান যে, চিকিৎসকের সম্মতি এবং তাঁর নিজস্ব অনুমতি ছাড়া সোনমকে যেন কোনো রকম ওষুধ বা চিকিৎসা দেওয়া না হয়। উল্লেখ্য, শুক্রবারই সোনমের সঙ্গে দেখা করে তাঁকে অনশন তুলে নেওয়ার কাতর আর্জি জানিয়েছিলেন গীতাঞ্জলি, কিন্তু সোনম নিজের দাবিতে অনড় থেকে অনশন চালিয়ে যাওয়ার কথা স্পষ্ট করে দেন।
সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই যন্তর মন্তর চত্বর ফাঁকা করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। সমবেত আন্দোলনকারীদের দ্রুত ও শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে সেখানে বিপুল সংখ্যক পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী ২০ জুলাই সোনম ওয়াংচুক ও তাঁর সমর্থকদের প্রস্তাবিত ‘সংসদ অভিযান’ কর্মসূচির ঠিক দু’দিন আগে প্রশাসনের এই মেগা অ্যাকশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এরই মধ্যে এই আন্দোলনকে কেন্দ্র করে নতুন মাত্রা যোগ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’-র নেতা অভিজিৎ দীপক। শনিবার তিনি ঘোষণা করেছেন যে, তিনি এবার অনির্দিষ্টকালের জন্য অনশনে বসছেন। দীপকের অভিযোগ, যন্তর মন্তরের বিক্ষোভস্থলে যাওয়ার সময় তাঁকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় এবং দিল্লি পুলিশ তাঁকে অমানবিকভাবে মারধর ও আটক করে। এর আগে শুক্রবারই অভিজিৎ দাবি করেছিলেন যে, যন্তর মন্তরের অনশনমঞ্চে সোনম ওয়াংচুকের ওপর হামলা চালানো হয়েছিল। সব মিলিয়ে সোনম ওয়াংচুকের হাসপাতাল যাত্রা এবং অভিজিৎ দীপকের নতুন অনশনের ডাকে যন্তর মন্তরের আবহ এখন উত্তপ্ত।



