স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহার নিয়ে কড়াকড়ি! বিজ্ঞপ্তি জারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

বাংলা হান্ট ডেস্কঃ একসময় স্কুলে মোবাইল ফোন (Mobile Phone) নিয়ে যাওয়ার কথা কল্পনাও করা যেত না। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। এখন অনেক পড়ুয়াই বিদ্যালয়ে মোবাইল নিয়ে যায়। তবে এবার এই নিয়ে কড়াকড়ি শুরু করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। শুক্রবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
স্কুলে মোবাইল নিয়ে যাওয়া নিয়ে কড়াকড়ি | (WBCHSE)
বিশেষ দরকার ছাড়া রাজ্যের সরকারি ও সরকারি পোষিত স্কুলের পড়ুয়াদের স্কুলে মোবাইল না নিয়ে আসার পরামর্শ দিয়েছে সংসদ। একইসঙ্গে বলা হয়েছে, প্রার্থনা, পড়াশোনা, পরীক্ষা বা অন্য যে কোনও শিক্ষামূলক কর্মকাণ্ড চলাকালীন শিক্ষার্থীরা যেন মোবাইল ব্যবহার না করে। বিশেষ প্রয়োজনে স্কুলে মোবাইল আনতে হলেও প্রধান শিক্ষক/শিক্ষিকার অনুমতি নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার পর আয়ুষ্মান ভারত! শুরু হতে চলেছে কার্ড দেওয়ার প্রক্রিয়া, দিনক্ষণ জানুন
সংসদ জানিয়েছে, চিকিৎসা, দূরপাল্লার যাতায়াতের মতো জরুরি দরকারে মোবাইল আনতে হলে স্কুল চলাকালীন সেটি সাইলেন্ট রাখতে হবে। স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তা কিছুতেই ব্যবহার করা যাবে না। এই বিষয়ে অভিভাবকদের সহযোগিতাও চাওয়া হয়েছে।
পড়ুয়ারা যাতে দরকার ছাড়া স্কুলে মোবাইল না নিয়ে আসে সেই জন্য অভিভাবকদের কাছে সহযোগিতা প্রার্থনা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জরুরি দরকারে তাঁরা সরাসরি স্কুলের অফিসে যোগাযোগ করতে পারেন বলা হয়েছে।

সংসদ জানিয়েছে, দরকার পড়লে স্কুল কর্তৃপক্ষ নিজেদের নিয়ম অনুসারে পড়ুয়াদের ডিজিটাল ডিভাইস নিরাপদে জমা রাখার বন্দোবস্ত করতে পারে। এছাড়া ডিজিটাল ডিভাইসের নৈতিক ও দায়িত্বশীল ব্যবহার নিয়ে শিক্ষক, শিক্ষিকাদের কাউন্সেলিং করার ও সাইবার সুরক্ষা, ডিজিটাল সুস্থতা, প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং লেখাপড়ায় মনোযোগ বজায় রাখার গুরুত্ব নিয়ে বিদ্যালয়গুলিকে নিয়মিত সচেতনতা শিবির আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রযুক্তিচালিত এই যুগে মোবাইলের প্রতি শিশুদের আসক্তি ক্রমে বাড়ছে। এতে অনেক সময় পড়াশোনার প্রতি অমনযোগীও হয়ে পড়ছে অনেকে। এই আবহে কড়াকড়ির পথে হাঁটল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।




