৪০ একর জমিতে বিশাল প্রকল্প! পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে নতুন বিধানসভা ভবন

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে তৈরি হবে নতুন বিধানসভা ভবন (West Bengal Assembly)। শনিবার বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে এমনটাই জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন ভবন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ চালু হলে বিধায়কের সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। তখন বর্তমান বিধানসভা ভবনে সবার বসার পর্যাপ্ত জায়গা থাকবে না। সেই কারণেই এখন থেকেই নতুন ভবনের পরিকল্পনা শুরু করার কথা বলেন তিনি।
কলকাতায় তৈরি হবে নতুন বিধানসভা ভবন (West Bengal Assembly)
শনিবার বাজেট অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন বিধানসভা ভবন (West Bengal Assembly) তৈরির এই প্রস্তাব তোলেন। তাঁর বক্তব্য, আগামী দিনে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ কার্যকর হলে পশ্চিমবঙ্গে বিধায়কের সংখ্যা বর্তমান ২৯৪ থেকে বেড়ে ৪০০-রও বেশি হতে পারে। সেই পরিস্থিতিতে বর্তমান বিধানসভা ভবন যথেষ্ট হবে না। মুখ্যমন্ত্রী স্পিকার রথীন্দ্র বসুকে বলেন, এখন থেকেই ভবিষ্যতের কথা ভেবে পরিকল্পনা শুরু করা উচিত। এ জন্য যে জমি নির্ধারণ করা হয়েছে, তা সব দলের প্রতিনিধিদের নিয়ে একবার ঘুরে দেখারও পরামর্শ দেন তিনি।
শুভেন্দুর এই প্রস্তাবের পরই স্পিকার ঘোষণা করেন, নিউ টাউনে ৪০ একর জমির উপর নতুন বিধানসভা ভবন তৈরি করা হবে। মুখ্যমন্ত্রীও জানান, এই প্রকল্পে অর্থের কোনও সমস্যা হবে না। এ দিন শুভেন্দু বর্তমান বিধানসভা ভবনের (West Bengal Assembly) ঐতিহাসিক গুরুত্বের কথাও তুলে ধরেন। স্বাধীনতার আগের এই ভবন বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সাক্ষী। তাই নতুন ভবন তৈরি হলেও পুরনো ভবনের ঐতিহ্য বজায় রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে ইঙ্গিত দেন তিনি।
তিনি বলেন, কোভিডের সময় শারীরিক দূরত্ব বজায় রাখতে গিয়ে বিধায়কদের গ্যালারির শেষ প্রান্ত পর্যন্ত বসাতে হয়েছিল। ভবিষ্যতে সদস্য সংখ্যা আরও বেড়ে গেলে বর্তমান ভবনে তা সম্ভব হবে না বলেই মনে করছে সরকার। প্রসঙ্গত, নতুন বিধানসভা তৈরির ভাবনা আজকের নয়। কয়েক বছর ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। তবে এবার প্রথমবারের মতো বিধানসভার ভিতরে তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হল।
অন্যদিকে, শনিবার বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিলও পাশ হয়। বিলের পক্ষে ১৬৯ ভোট পড়ে, বিপক্ষে পড়ে ১৩ ভোট। ৩২ জন বিধায়ক ভোটদানে অংশ নেননি। অধিবেশনের শেষ দিনে বিরোধী দলনেতা নির্বাচন নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, এই বিষয়টি নিয়ে মামলা হয়েছে এবং কয়েকজন বিধায়কের সই জাল করার অভিযোগও উঠেছে। এমন ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ এবার আর ছাড় নয়, অবৈধ পার্কিং-ফুটপাত দখল নিয়ে বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা
এ ছাড়া এমএলএ হস্টেলের উন্নয়ন, বিধানসভায় আধুনিক ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা এবং উন্নত ক্যান্টিনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শুভেন্দু। মন্ত্রীদের উপস্থিতি নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, বিধানসভায় মন্ত্রীদের নিয়মিত উপস্থিত থাকা জরুরি। স্পিকারের কাছে তিনি অনুরোধ করেন, প্রয়োজনীয় সংখ্যক মন্ত্রী উপস্থিত না থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হোক। পাশাপাশি দলীয় বিধায়কদেরও নিয়মিতভাবে অধিবেশনে (West Bengal Assembly) উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি।




