তৃণমূল ভেঙে চুরমার! এর মাঝেই বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। এর মাঝেই বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন ‘কালীঘাট তৃণমূলের’ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছেন তিনি।
অভিষেকের বিদেশযাত্রায় হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে | (Abhishek Banerjee)
বিধানসভায় সই জাল কাণ্ড, ডিজে মন্তব্য নিয়ে বর্তমানে সিআইডি স্ক্যানারে রয়েছেন অভিষেক। উচ্চ আদালত থেকে রক্ষাকবচ পেলেও তাঁর বিদেশ সফরে নিষেধাজ্ঞা রয়েছে। সেই কারণে চোখের চিকিৎসা করাতে প্রায় এক সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার ‘শাস্তি’! অরূপ-ববি সহ ৮ হেভিওয়েটকে বহিষ্কার করল ‘কালীঘাট তৃণমূল’
মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মর্মে আবেদন জানিয়েছেন অভিষেক। জানিয়েছেন, চোখের চিকিৎসার জন্য তাঁর বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে। বুধবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।
২০১৬ সালে একটি দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক। হুগলির সিঙ্গুরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছিল। সেই সময় তৃণমূল সাংসদের বাঁ চোখে নীচে গুরুতর আঘাত লাগে। এরপর দেশের একাধিক হাসপাতালের পাশাপাশি চিকিৎসার জন্য বিদেশেও গিয়েছেন তিনি। এমনকি তাঁকে অস্ত্রোপচারও করাতে হয়েছে। এবার এই চোখের ট্রিটমেন্টের জন্যই বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন অভিষেক।

অন্যদিকে তৃনমূল সাংসদ যখন বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে বিচারপতি ভট্টাচার্যের এজলাসে আবেদন জানিয়েছেন, তখন দলের অন্দরে টালমাটাল অবস্থা। মমতা শিবির ও ঋতব্রত শিবিরের মধ্যে ‘লড়াই’ চরমে উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে তাঁর বিদেশে যাওয়ার আবেদনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। আগামীকাল এই মামলার শুনানি হলে বিচারপতি কী নির্দেশ দেন আপাতত সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন সকলে।




