Dilip Ghosh Calls Dhaka Government ‘Illegal’

সবদিক নিউজ: ফাঁসির সাজা মাথায় নিয়েই বছরের শেষে রক্তক্ষয়ী ঢাকায় পা রাখার নজিরবিহীন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই তিনি স্বদেশে ফিরবেন। আর এই মেগা ঘোষণার পরেই যখন ওপার বাংলায় বিএনপি, জামাত ও এনসিপি-র মতো দলগুলি মুজিবকন্যাকে ফাঁসি কাঠে ঝোলানোর হুঙ্কার দিচ্ছে, ঠিক তখনই এই ইস্যুতে ওপার বাংলার অন্তর্বর্তীকালীন তারেক প্রশাসনকে ‘অবৈধ’ বলে তুলোধোনা করলেন এ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওপার বাংলার বর্তমান সরকারের বৈধতা নিয়েই সরাসরি প্রশ্ন তুলে দিয়েছেন তিনি।
রবিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের বর্তমান অরাজক পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা নিয়ে মুখ খোলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী দিলীপ ঘোষ। ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি নিশানা করে দিলীপবাবু বলেন, “বাংলাদেশে বর্তমানে যা চলছে, তা কোনোভাবেই ঠিক হচ্ছে না। ওখানে এখনও একটি অবৈধ সরকার রাজত্ব চালাচ্ছে। শেখ হাসিনা ছিলেন জনগণের দ্বারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী। নিজের দেশে ফেরার পূর্ণ অধিকার ওনার রয়েছে।”
মন্ত্রী আরও যোগ করেন, “গত ২-৩ বছর ধরে বাংলাদেশে যে ধরণের রাজনৈতিক হানাহানি ও অস্থিতিশীলতা ঘটেছে, তা একেবারেই কাম্য ছিল না। আমরা প্রতিবেশী দেশ হিসেবে সবসময় চাই ওখানে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ঠিকমতো কাজ করুক। তবে এটা সম্পূর্ণই ওই দেশের অভ্যন্তরীণ বিষয়, আশা করি ওরা খুব দ্রুত সব সামলে নেবে।”
ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখছে ঢাকা, ডিসেম্বরেই কি তবে অন্তিম লড়াইয়ে নামছেন হাসিনা?
২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়ে ভারতের ‘রাজনৈতিক আশ্রয়ে’ নয়াদিল্লিতে রয়েছেন শেখ হাসিনা। সেখান থেকেই সম্প্রতি আন্তর্জাতিক মহলে ঝড় তুলে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণা করেছেন। কিন্তু জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর নির্মম গণহত্যা চালানোর দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) ইতিমধ্যেই হাসিনাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছে। ফলে, তিনি ঢাকায় পা রাখলেই সেই সাজা কার্যকর করার সবরকম প্রস্তুতি নিয়ে রাখছে সে দেশের শাসক ও বিরোধী পক্ষ।
বিএনপি-জামাত জোটের একজোটে হুঙ্কার, মুজিবকন্যার জন্য অপেক্ষা করছে ফাঁসি কাঠ!
শেখ হাসিনার ফেরার খবর চাউর হতেই পদ্মাপাড়ে বিএনপি, জামাত ও এনসিপি (NCP) জোটের শীর্ষ নেতারা একযোগে গর্জে উঠেছেন। বিএনপির যুগ্ম মহাসচিব এবং এনসিপির প্রতিষ্ঠাতারা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “গণহত্যাকারী স্বৈরাচারী নেত্রী যদি দেশে ফেরেন, তবে তাঁকে সরাসরি আদালতের রায় অনুযায়ী ফাঁসি কাঠে ঝুলতে হবে।” ফাঁসির পরোয়ানা মাথায় নিয়ে ভারতের মাটি থেকে হাসিনার এই মরণপণ কামব্যাক এবং এ রাজ্যে মন্ত্রী দিলীপ ঘোষের ওপার বাংলার সরকারকে ‘অবৈধ’ বলার এই চাঞ্চল্যকর বয়ান ভারত-বাংলাদেশ কূটনৈতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দিল।



