0%

৩৩ বছর আগে প্রয়াত, স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাম অবতারের সঙ্গে কথা মোদির

প্রযুক্তি ফিরিয়ে আনল ৩৩ বছর আগে প্রয়াত আধ্যাত্মিক গুরু স্বামী চিন্ময়ানন্দকে। শুক্রবার দিল্লির ভারত মণ্ডপমে ‘চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলনে’ তাঁর সঙ্গে মুখোমুখি কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনব প্রযুক্তির মাধ্যমে স্বামী চিন্ময়ানন্দের উপস্থিতির অনুভূতি ফিরে পেয়ে ১৯৯৩ সালে তাঁর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন মোদি। এই বিরাট উদ্যোগের নেপথ্যে ছিল হলোবট।

হলোগ্রাম অবতারের সঙ্গে কথোপকথনের সময় নিজের ভবিষ্যৎ কর্মযজ্ঞের জন্য স্বামী চিন্ময়ানন্দের আশীর্বাদ প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। বলেন, “আপনার সঙ্গে সাক্ষাৎ করা আমার পরম সৌভাগ্য ছিল। আজ আমি যে কাজ করতে চাই, তার জন্য আপনার আশীর্বাদ প্রয়োজন।” এর উত্তরে স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাম অবতার নরেন্দ্র মোদিকে আশীর্বাদ করেন। প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে দেখে আনন্দ প্রকাশ করেন এবং তাঁর প্রতি সমর্থন জানিয়ে বলেন, “ভারত আপনার সঙ্গে রয়েছে, নরেন্দ্র।” ১৯৯৩-এ মোদীর সঙ্গে সেই সাক্ষাতের ঘটনার কথাও সবিস্তারে ব্যাখ্যা করে প্রযুক্তি।

প্রযুক্তির মাধ্যমে স্বামী চিন্ময়ানন্দের উপস্থিতির অনুভূতি ফিরে পেয়ে ১৯৯৩ সালে তাঁর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন মোদি।

সেই বছর শিকাগোয় বিশ্ব ধর্ম সংসদের শতবর্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দেওয়ার জন্য স্বামী চিন্ময়ানন্দকে আমন্ত্রণ জানাতে গুজরাটের ভদোদরার গিয়েছিলেন মোদি। সেই প্রসঙ্গ টেনে চিন্ময়ানন্দের হলোবটকে বলতে শোনা যায়, ‘সেই সময়ে আমি জানিয়েছিলাম, বয়সের কারণে এত বড় দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এর জন্য অন্য হিন্দু যুবকদের এগিয়ে আসা উচিত।’ প্রধানমন্ত্রী মোদিকে পরামর্শ দিয়ে হলোবট বলে, ‘প্রধানমন্ত্রীজি, মনে রাখবেন, শিখরে থাকা মানুষ একা হন।’ শ্রীখণ্ড খাওয়ারও পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘গোটা ভারত আপনার সঙ্গে রয়েছে নরেন্দ্র।’। এই অভিজ্ঞতার জন্য চিন্ময় মিশনকে ধন্যবাদ জানান মোদি। বলেন, ‘হলোবটের সঙ্গে কথা বলতে গিয়ে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, যেন অতীতে ফিরে গিয়েছি।’

উল্লেখ্য, হলোবট হলো হলোগ্রাম প্রযুক্তির সাহায্যে তৈরি কোনও ব্যক্তির ত্রিমাত্রিক অবয়ব। গোটা ব্যাপারটা এমন ভাবে তৈরি, দেখলে মনে হয় তিনি যেন সামনেই বসে রয়েছেন। আগে থেকেই ভয়েস রেকর্ড করা থাকে। ভিডিয়ো ও অঙ্গভঙ্গির সমন্বয়ে অবয়বটিকে কথা বলতে বা নড়াচড়া করতেও দেখা যায়। আর প্রশ্নের উত্তর দেয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker