0%

ওয়ানডে র‍্যাঙ্কিং শীর্ষে ভারত, রশিদদের দাপটে বিশ্বচ্যাম্পিয়নদের পিছনে ফেলল আফগানিস্তান

জিম্বাবোয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়ের পুরস্কার পেল আফগানিস্তান। ওয়ানডে ক্রমতালিকায় ইংল্যান্ডকে টপকে ৮ নম্বর থেকে ৭ নম্বরে উঠে এলেন রশিদ খানরা। অন্যদিকে, পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে পরপর হেরে ৮ নম্বরে নেমে গেল ২০১৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। টিম ইন্ডিয়া রয়েছে ক্রমতালিকার মগডালে। 

শুক্রবার, ২৩ অক্টোবর শারজায় ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে আফগান বোলারদের দাপটে ১৬৯ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন অধিনায়ক রশিদ। ফজলহক ফারুকি, মহম্মদ নবি ও বিলাল সামি দু’টি করে উইকেট নেন। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫তম ওভারেই জয় তুলে নেয় আফগানিস্তান।

ব্যাট হাতে জয়ের ভিত গড়ে দেন ইব্রাহিম জাদরান। ৯৬ বলে অপরাজিত ৭০ রান করেন তিনি। মারেন চারটি চার ও একটি ছয়। ওপেনিংয়ে রহমনুল্লাহ গুরবাজের (৩৬) সঙ্গে ৬৮ রানের জুটি গড়ার পরে অধিনায়ক রহমত শাহের (৪৩) সঙ্গে যোগ করেন আরও ৮২ রান। ম্যাচ জেতানো ইনিংসের জন্য ম্যাচের সেরা হন জাদরান। আর গোটা প্রতিযোগিতায় ১১টি উইকেট নিয়ে সিরিজের সেরা রশিদ।

এই জয়ের সুবাদে ক্রমতালিকায় দু’টি রেটিং পয়েন্ট বেড়েছে আফগানিস্তানের। তাদের সংগ্রহে এখন ৯৪ পয়েন্ট। ইংল্যান্ডের ঝুলিতে ৯৩। ফলে ওয়ানডেতে সাতে উঠে এল আফগানরা। ফাইনালে উঠেও অবশ্য ক্রমতালিকায় ১১ নম্বরেই রয়েছে জিম্বাবোয়ে। তাদেরও ২ রেটিং পয়েন্ট বেড়েছে। অন্যদিকে, প্রতিযোগিতায় একটিও ম্যাচ জিততে না পেরে ২ পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। ৯ নম্বর স্থান ধরে রেখেছে তারা।

ওয়ানডে ক্রমতালিকার সিংহাসনে ভারত। ৩৬ ম্যাচে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে তারা। ৩৫ ম্যাচে ১০৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা (১০৪) ও পাকিস্তান (১০৩) রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। ১০২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অস্ট্রেলিয়া। ছ’নম্বরে থাকা শ্রীলঙ্কার রেটিং ৯৫। ত্রিদেশীয় সিরিজ জিতে ইংল্যান্ডকে টপকে সাত নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। ৩১টি ম্যাচে তাদের সংগ্রহ ৯৪ পয়েন্ট। ইংল্যান্ডের ঝুলিতে ৯৩ পয়েন্ট। ৮ নম্বরে তারা। বাংলাদেশ ৮১ পয়েন্ট নিয়ে ন’নম্বরে রয়েছে। ৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে প্রথম দশে শেষ দল ওয়েস্ট ইন্ডিজ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker