0%

Abhishek Banerjee Amphan Relief Scam Case FIR Registered

সবদিক নিউজ: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনি ও রাজনৈতিক বিপদ যেন প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে। একদিকে সই জাল মামলা এবং অন্যদিকে বিতর্কিত ‘ডিজে’ মন্তব্য নিয়ে সিআইডি (CID)-র ম্যারাথন জেরার মাঝেই, এবার ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে যুক্ত হলো কয়েকশো কোটি টাকার আমফান ত্রাণ দুর্নীতির (Amphan Relief Scam) মারাত্মক অভিযোগ। শনিবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় লিখিত এফআইআর (FIR) দায়ের করলেন হেভিওয়েট বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। শুধু তাই নয়, এই মেগা কেলেঙ্কারির তদন্তে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠনের দাবি জানিয়ে জেলা পুলিশ সুপারেরও দ্বারস্থ হয়েছেন তিনি।

একই ফোন নম্বরে ৭ জন, একই পরিবারে ১২! বিস্ফোরক খতিয়ান

বিজেপি নেতা অভিজিৎ দাস ববির দাবি, ২০২০ সালের বিধ্বংসী সুপার সাইক্লোন আমফানের পর দক্ষিণ ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত গরিব মানুষের জন্য কেন্দ্র যে কোটি কোটি টাকার বিপর্যয় মোকাবিলা তহবিল পাঠিয়েছিল, তা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের প্রত্যক্ষ নির্দেশে তৃণমূলের স্থানীয় নেতা-নেত্রীরা পুরোপুরি আত্মসাৎ করেছেন।

তথ্যপ্রমাণ পেশ করে ববি দাবি করেন, বিষ্ণুপুর ১ ব্লকে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য ২৫ কোটি ৮০ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। নথিতে ঘরের সংখ্যা ৩১ হাজার থাকলেও কাগজে-কলমে জালিয়াতি করে ৩৪ হাজার ঘর দেখানো হয়। অন্যদিকে, বিষ্ণুপুর ২ ব্লকে এক ধাক্কায় ৩২ কোটি ৫ লক্ষ ৯৫ হাজার টাকার পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে। দুর্নীতির কায়দা ব্যাখ্যা করে তিনি জানান, সরকারি পোর্টালে একই ফোন নম্বরে ৬-৭ জন সুবিধাভোগী, একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭-৮ জন এবং একই পরিবারে ১১-১২ জন করে ভুয়ো উপভোক্তা সাজিয়ে আমফানের টাকা সরাসরি পকেটে পোরা হয়েছে। এই চক্রান্তে তৎকালীন বিডিও, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং জেলা পরিষদের সভাপতিও জড়িত ছিলেন বলে তাঁর অভিযোগ।

রবি, সোম, মঙ্গল, ক্যালেন্ডার জুড়ে শুধুই এজেন্সির কাঁটা!

আগামী দিনে ডায়মন্ড হারবারের অন্তর্গত প্রতিটি থানায় অভিষেকের বিরুদ্ধে এই একই অভিযোগে এফআইআর করা হবে বলে বিজেপি স্পষ্ট করে দিয়েছে। প্রসঙ্গত, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর আইনি খাঁড়া ঝুলছে। সই জাল মামলায় গত বৃহস্পতিবারই ভবানী ভবনে তাঁকে সাড়ে ৫ ঘণ্টা জেরা করেছে সিআইডি, যেখানে আগামী রবিবার (১৪ জুন) তাঁকে ফের তলব করা হয়েছে।

এরপরের দিন অর্থাৎ ১৫ জুন (সোমবার) কয়লা বা অন্য মামলায় ইডি (ED) দফতরে হাজিরার সমন রয়েছে তাঁর। তার ঠিক পরের দিন, অর্থাৎ ১৬ জুন (মঙ্গলবার) ডিজে মন্তব্য মামলায় ফের সিআইডি-র মুখোমুখি হতে হবে ডায়মন্ড হারবারের সাংসদকে। এর মাঝেই শনিবার আমফান দুর্নীতির এই নতুন এফআইআর যোগ হওয়ায়, ছাব্বিশের জুনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ যে সম্পূর্ণ অন্ধকারের মুখে, তা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker