CM Suvendu Adhikari To Visit Mayapur Iskcon Temple Tomorrow

সবদিক নিউজ: ছাব্বিশের মসনদ বদলের পর নবান্ন ও লালবাজারের প্রশাসনিক কাজ সামলে এবার আধ্যাত্মিক সফরে বেরোচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল, বৃহস্পতিবার নদিয়ার বিশ্বখ্যাত বৈষ্ণবতীর্থ মায়াপুর সফরে যাচ্ছেন তিনি। নবান্ন ও জেলা প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ কলকাতা থেকে হেলিকপ্টারে চড়ে সরাসরি মায়াপুরের ইসকন (ISKCON) হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। দলের তরফে এই সফর নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি জারি করা না হলেও, ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে যে এটি শুভেন্দু অধিকারীর সম্পূর্ণ একটি ব্যক্তিগত ও আধ্যাত্মিক সফর।
গোমাতার পুজো দিয়ে শুরু, অংশ নেবেন মহাযজ্ঞে
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে ওড়ার পর ঠিক সকাল ১০টায় মায়াপুরের মাটিতে পা রাখবে মুখ্যমন্ত্রীর চপার। কপ্টার থেকে নেমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোজা চলে যাবেন ইসকনের সুবিশাল গোশালায়। সেখানে সনাতন রীতি মেনে তিনি ‘গোমাতা’-র চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এবং আরতি ও বিশেষ পুজো দেবেন।
গোমাতার পুজো সমাপন করে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা রয়েছে মায়াপুরের প্রধান আকর্ষণ বিশ্ববিখ্যাত শ্রীমায়াপুর চন্দ্রোদয় মন্দিরে। সেখানে রাধামাধব দর্শনের পাশাপাশি মন্দিরের বিশেষ এক যজ্ঞানুষ্ঠানে সশরীরে অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর। নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইসকন মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ও সাজো সাজো রব তৈরি হয়েছে।
নজরে সাধুসন্তদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক
যদিও এই সফরকে ‘ব্যক্তিগত’ বলে দাবি করা হচ্ছে, তবুও রাজনৈতিক মহলের তীব্র নজর রয়েছে এই সফরের পরবর্তী সূচির ওপর। জানা গিয়েছে, চন্দ্রোদয় মন্দিরে যজ্ঞানুষ্ঠান শেষ করে মায়াপুরের শীর্ষস্থানীয় সাধুসন্ত ও মহারাজদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছাব্বিশের পটপরিবর্তনের পর রাজ্যের ধর্মীয় পর্যটন কেন্দ্রের উন্নয়ন, ইসকনের পরিকাঠামো এবং সমসাময়িক সামাজিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে কোনও আলোচনা হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।
বৃহস্পতিবারের এই হাইপ্রোফাইল সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির কয়েকজন হেভিওয়েট সাংসদ এবং নদীয়া জেলার একাধিক বিধায়কেরও থাকার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নদীয়ার এই পুণ্যভূমিতে শুভেন্দুর আগমনকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষ ও ভক্তদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।



