East Bengal: মরশুমের শুরুতেই চমক! ডার্বি হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গোল করা তারকাকে দলে নিলো ইস্টবেঙ্গল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে হারের ক্ষত এখনও তাজা। গোলের সামনে ব্যর্থতার কারণে ভালো লড়াই করেও হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে (East Bengal)। দলের সকল বিদেশি এখনও চূড়ান্ত হয়নি এবং এখনও অনেকে এসে যোগ দেননি। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার (Australia) জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ক্রিস ইকোনোমিডিসকে (Christopher James Ikonomidis) দলে যুক্ত করে সমর্থকদের বার্তা দিলো লাল-হলুদ ম্যানেজমেন্ট। বাকি মরশুম জুড়ে লাল-হলুদ জার্সিতে দর্শকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন এই অজি তারকা।
জানা যাচ্ছে যে ২ বছরের চুক্তিতে ইকোনোমিডিসকে দলে যুক্ত করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ১৬ টি ম্যাচ খেলে ২ টি গোল করা এই ফুটবলার উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার, দুই হিসেবে খেলতেই পারেন। দলের প্রয়োজনে তাকে এর আগে তার প্রাক্তন কোচেরা বাঁ এবং ডান দুই প্রান্তেই ব্যবহার করেছেন। এখন দেখার অভিজ্ঞ স্প্যানিশ কোচ আন্তোনিও হাবাস তাকে কিভাবে ব্যবহার করেন।
ইতালির বিখ্যাত ক্লাব এস.এস. ল্যাজিও-র যুব দল থেকে ওঠে আসা এই খেলোয়াড় অতীতে ড্যানিশ সুপারলিগা এবং ইতালিয়ান ফুটবলের দ্বিতীয় ডিভিশন সেরি বি-তে খেলার পাশাপাশি অস্ট্রেলিয়ার এ-লিগেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তার কেরিয়ারের অত্যন্ত কম বয়সে তিনি দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছিলেন। ক্লাবের হয়ে সিনিয়র দলের জার্সিতে মাঠে নামার আগেই সকারুজদের জাতীয় দলের হয়ে অভিষেক ঘটিয়ে তিনি এক অনন্য নজির গড়েছিলেন।
আরও পড়ুন: মরশুমের প্রথম ম্যাচ হেরেও খুশি ইস্টবেঙ্গল কোচ! উল্টোদিকে ডার্বি জিতেও চিন্তা বাড়ছে মোহনবাগান কোচের
গত দুই মরশুম ধরে তিনি ‘এ’ লিগে ম্যাকআর্থার এফসি-র হয়ে মাঠে নামছিলেন। অস্ট্রেলিয়ার লিগ ও বিভিন্ন কাপ প্রতিযোগিতা মিলিয়ে তিনি দলটির হয়ে ৩৫টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তেও তিনি ৫টি ম্যাচ খেলে একটি গোল করেছেন। এই বছর ইস্টবেঙ্গল এশিয়ার মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে। সেই টুর্নামেন্টে অজি তারকার অভিজ্ঞতা কাজে লাগবে লাল-হলুদ শিবিরের।
আরও পড়ুন: মেসিকে আবার ফাইনাল খেলার সুযোগ দিতে হবে! FIFA-র ওপর প্ৰবল ক্ষুব্ধ আর্জেন্টিনা সমর্থকরা করছেন সই সংগ্রহ
তবে ইকোনোমিডিসের কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত আসে ২০২২ সালে, যখন তিনি মেলবোর্ন ভিকট্রির জার্সিতে খেলতেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড তথা বিশ্বফুটবলের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নেমে দলের ১-৪ ফলে হারার দিনে নিজের দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন তিনি। ম্যাচের তৃতীয় মিনিটে গোল করে রেড ডেভিলসদের চমকে দিয়েছিলেন তিনি। এবার লাল হলুদ জার্সিতেও তিনি জ্বলে উঠবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের।




