0%

Health Insurance থাকলেই মিলবে না Cashless সুবিধা! হাসপাতালে ভর্তি হওয়ার আগে জেনে নিন এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি

নয়া দিল্লি: আজকের দিনে স্বাস্থ্যবিমার গুরুত্ব কতটা, তা নতুন করে বলার দরকার রাখে না। তবে স্বাস্থ্যবিমা নিয়ে এখনও বহু মানুষ সচেতন নন। অনেকেই মনে করেন, একবার স্বাস্থ্যবিমা (Health Insurance) করিয়ে নিলেই হাসপাতালে ভর্তি হওয়ার সময় আর টাকার চিন্তা নেই। বিমার কার্ড দেখালেই ক্যাশলেস (Cashless) চিকিৎসার সুবিধা পাওয়া যায়। স্বাস্থ্যবিমাতেই সমস্ত চিকিৎসার খরচ মিটে যায়। কিন্তু বাস্তবে বিষয়টি সবসময় এত সহজ নয়।

প্রতি বছর বহু স্বাস্থ্যবিমা গ্রাহক এমন পরিস্থিতির মুখোমুখি হন, যখন হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁদের ক্যাশলেস ক্লেম (Cashless Claim) আংশিক মঞ্জুর হয় বা টাকা পেতে দেরি হয় কিংবা একেবারেই বাতিল হয়ে যায়। অনেক ক্ষেত্রেই গ্রাহকের পলিসি সক্রিয় থাকে এবং গ্রাহক নিয়মিত প্রিমিয়ামও জমা দিয়ে থাকেন। তবুও চিকিৎসার সময় ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা না পাওয়ায়, পরিবারের সদস্যদের হঠাৎ করে অনেক টাকা জোগাড় করতে হয়।

কেন বাতিল হতে পারে ক্যাশলেস ক্লেম?

পলিসি বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র পলিসি সক্রিয় থাকলেই ক্যাশলেস ক্লেম অনুমোদিত হবে, এমন কোনও গ্যারান্টি নেই। ক্লেমের অনুমোদন নির্ভর করে পলিসির শর্ত, প্রয়োজনীয় নথিপত্র এবং কভারেজের উপর।

পলিসিবাজার ডট কমের স্বাস্থ্যবিমা বিভাগের প্রধান সিদ্ধার্থ সিংহল জানিয়েছেন, ক্যাশলেস স্বাস্থ্যবিমার মূল উদ্দেশ্য হল হাসপাতালে চিকিৎসার সময় আর্থিক চাপ কমানো। তবে এমন অনেক পরিস্থিতি রয়েছে, যেখানে পলিসি চালু থাকা সত্ত্বেও ক্লেমে দেরি হতে পারে, আংশিক অনুমোদন মিলতে পারে বা ক্লেম বাতিলও হতে পারে।

ওয়েটিং পিরিয়ড বড় কারণ-

বিশেষজ্ঞদের মতে, অনেক সময় ওয়েটিং পিরিয়ড (Waiting Period) চলাকালীন কোনও রোগের চিকিৎসা করালে সেই খরচ বিমা সংস্থা বহন করে না। ফলে ক্লেম বাতিল হওয়ার সম্ভাবনা থাকে।

সব চিকিৎসার খরচ বহন করে না বিমা সংস্থা-

অনেকেই মনে করেন, স্বাস্থ্যবিমা থাকলেই হাসপাতালের সমস্ত খরচ বিমা সংস্থা বহন করবে। কিন্তু বাস্তবে প্রতিটি পলিসির নিজস্ব কিছু শর্ত ও সীমাবদ্ধতা থাকে। এমন কিছু চিকিৎসা পদ্ধতি বা মেডিক্যাল খরচ রয়েছে, যা নির্দিষ্ট বিমা পলিসির আওতায় নাও থাকতে পারে। তাই শুধুমাত্র বিমার পরিমাণ (Sum Assured) এবং প্রিমিয়ামের দিকে নজর না দিয়ে, পলিসির সমস্ত শর্ত ও নিয়ম ভালোভাবে পড়ে নেওয়া উচিত।

কী করা উচিত?

বিশেষজ্ঞদের পরামর্শ, স্বাস্থ্যবিমা কেনার আগে এবং হাসপাতালে ভর্তি হওয়ার আগে অবশ্যই পলিসির কভারেজ, ওয়েটিং পিরিয়ড, এক্সক্লুশন এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া উচিত। এতে ভবিষ্যতে অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker