Shubman Gill: নেতৃত্ব বাঁধা হচ্ছে না! ম্যাচের সেরা হয়ে ভারতকে সিরিজ জেতানোর পর বড় সম্মান পাচ্ছেন শুভমান গিল

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afghanistan) সিরিজে দুর্দান্ত জয় পেল শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্যাচে তারা আফগানদের বিরুদ্ধে জয় পেয়েছিল ৭ উইকেটে। এদিন রশিদ খানদের বিরুদ্ধে জয় এলো ১৭০ রানের বিরাট ব্যবধানে। দুই ম্যাচেই ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শুভমান গিল। মান রেখেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) ভরসার।
ব্যাট হাতে প্রথম ম্যাচে রান তাড়া করার সময় ৬৬ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেছিলেন গিল। মেরেছিলেন ১১ টি চার ও ২ টি ছক্কা। দ্বিতীয় ওডিআই ম্যাচে তিনি ওপেনিংয়ের বদলে এলেন ৩ নম্বরে। ১১০ টি বল ক্রিজে থেকে ২২ টি চার ও ২ টি ছক্কা সহ করলেন ১৫৪ রান। আফগান ওপেনার রহমানউল্লা গুরবাজকে টপকে আপাতত ৩ ম্যাচের ওডিআই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমানই।

গত বছর অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজে হারতে হয়েছিল ভারতীয় দলকে। সেটি ছিল ওডিআই অধিনায়ক শুভমানের নেতা হিসেবে প্রথম সিরিজ। এরপর চলতি বছরের শুরুতে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজেও হারের মুখ দেখেছিলেন গিল। অনেকেই প্রশ্ন তুলে দিয়েছিলেন রোহিতকে সরিয়ে তাকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে।
আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়ে ফেললো শুভমান গিলের ভারত! অনেক পিছিয়ে অস্ট্রেলিয়া, তালিকাতেই নেই পাকিস্তান
তবে এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্থানকে হারিয়ে ওডিআই সিরিজ জিতে আপাতত নিন্দুকদের মুখ কিছুদিনের জন্য বন্ধ করেছেন গিল। তবে ইংল্যান্ড সফরের তিন ম্যাচের ওডিআই সিরিজে তার নেতৃত্বগুণের আসল পরীক্ষা নেবে বলে মনে করছেন ভক্তরা।
আরও পড়ুন: গম্ভীরের হাতে এলো নতুন অস্ত্র! কোহলি বা রোহিত নন, এই তারকাকে কাজে লাগিয়ে জিতবেন বিশ্বকাপ
এই মুহূর্তে ব্যাট হাতে সব ফরম্যাটে অসাধারণ ছন্দে রয়েছেন গিল। টেস্ট, আইপিএল, ওডিআই সব জার্সিতেই ধারাবাহিকভাবে রান করে চলেছেন তিনি। আগামী রবিবার দিল্লিতে বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। বিশ্বকাপের আগে ক্যাপ্টেন গিলকে এই সম্মান আরও উদ্বুদ্ধ করবে বলে ধারণা ক্রীড়া প্রেমীদের।




