ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার ‘শাস্তি’! অরূপ-ববি সহ ৮ হেভিওয়েটকে বহিষ্কার করল ‘কালীঘাট তৃণমূল’

বাংলা হান্ট ডেস্কঃ মাস দুয়েক আগেও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী। ‘দিদি’র আশেপাশেই দেখা যেত তাঁদের। সেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের দল থেকে বহিষ্কার করল কালীঘাট তৃণমূল (Trinamool Congress)। এই তালিকায় ফিরহাদ, অরূপ সহ মোট ৮ জনের নাম রয়েছে বলে খবর।
কাদের দল থেকে ‘তাড়াল’ কালীঘাট তৃণমূল? | (Trinamool Congress)
সোমবার রাতে ফিরহাদ, অরূপ সহ একাধিক নেতাকে শোকজ করেছিল কালীঘাট তৃণমূল। সেই জবাব আসার আগেই তাঁদের দল থেকে বহিষ্কার করলেন মমতা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বহিষ্কৃতদের তালিকায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ, অরূপ রায়, জাভেদ খান, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী ও সাবিনা ইয়াসমিনের নাম রয়েছে।
আরও পড়ুনঃ মহিলাদের খুশি ডাবল! অন্নপূর্ণা যোজনা, ফ্রি বাস পরিষেবা সহ বাজেটে একগুচ্ছ ঘোষণা
এদিকে কালীঘাট তৃণমূলের তরফে বহিষ্কার করা নেতা-নেত্রীদের অনেকেই ইতিমধ্যে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। কেউ কেউ ‘নতুন’ তৃণমূলের কমিটিতেও স্থানও করে নিয়েছেন। এবার তাঁদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিল কালীঘাট তৃণমূল।
সোমবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে ‘নতুন’ তৃণমূলের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। সেখানে দলের নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঘোষণা করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সর্বসম্মতিক্রমে চেয়ারপার্সন হিসেবে বেছে নেওয়া হয় হাওড়া মধ্যর বিধায়ক অরূপ রায়কে। সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় ঋতব্রত সহ ৪ জনের নাম। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কমিটিতে স্থান পাননি।

এই অধিবেশনের পর ঋতব্রত সাংবাদিক বৈঠকে জানান, ফিরহাদ, অরূপরা তাঁদের সঙ্গে রয়েছেন। এছাড়া এই অধিবেশনে উপস্থিত ছিলেন স্নেহাশিস চক্রবর্তী, অরূপ রায়, সাবিনা ইয়াসমিন সহ অনেকে। রাতেই কালীঘাট তৃণমূলের তরফে ফিরহাদ, অরূপ সহ একাধিক নেতাকে শোকজ করা হয়েছিল। এবার তাঁদের দল থেকে বহিষ্কার করা হল।
বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। গতকাল একদিকে ‘নতুন’ তৃণমূলের তরফে দলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঘোষণা হয়েছে। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন ন্যাশনাল ওয়ার্কিং কমিটির তালিকা তৈরি করে নির্বাচন কমিশনে পাঠিয়েছেন মমতা। এই ইস্যু কমিশনের গণ্ডি পেরিয়ে আদালত অবধিও পৌঁছতে পারে বলে মনে করছেন বহু বিশেষজ্ঞ।




