ডিএ নিয়ে সিদ্ধান্ত নয়, সপ্তম বেতন কমিশনে সবুজসঙ্কেত! মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে একগুচ্ছ ঘোষণা

রাজ্যের সরকারি কর্মীদের একাংশ আশা করেছিলেন, বকেয়া মহার্ঘভাতা বা ডিএ নিয়ে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে কোনও ঘোষণা হতে পারে। তবে সোমবারের বৈঠকে ডিএ নিয়ে কোনও আলোচনা হয়নি। যদিও সরকারি কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
এটি ছিল নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি:
- সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনে নীতিগত অনুমোদন।
- ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে চালু থাকা বিভিন্ন প্রকল্প আগামী মাস থেকে বন্ধ করা হবে।
- ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পে অনুমোদন, লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের নাম সরাসরি স্থানান্তর করা হবে।
- নতুন আবেদনকারীদের জন্য শীঘ্রই পোর্টাল খোলা হবে।
- সিএএ-র মাধ্যমে আবেদনকারী এবং ট্রাইবুনালে ভোটার তালিকায় নাম তোলার আবেদনকারীরাও অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন।
- আগামী ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের অনুমোদন।
- ওবিসি সংরক্ষণ ও তালিকা পুনর্বিবেচনায় আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ করবে সরকার।
- সম্পত্তি করের হারে আপাতত কোনও পরিবর্তন করা হবে না।
- পুরসভা এলাকার রাস্তা, আলো, আবর্জনা পরিষ্কার-সহ পরিষেবার কাজ দ্রুত শেষ করার নির্দেশ।
- এ বার থেকে প্রতি ১৫ দিন অন্তর মন্ত্রিসভার বৈঠক হবে।
অগ্নিমিত্রা পাল জানান, তথ্য ও সংস্কৃতি দফতর, সংখ্যালঘু বিষয়ক দফতর এবং মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মীয় ভিত্তিতে চালু থাকা প্রকল্পগুলি বন্ধ করা হবে। তবে কোন কোন প্রকল্প বন্ধ হবে, তা পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। তিনি স্পষ্ট করেন, বৃত্তিমূলক কর্মসূচি বন্ধ করা হচ্ছে না।
এছাড়াও মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে সফরের প্রতিশ্রুতিতে সিলমোহর দিয়েছে সরকার। স্বল্পদূরত্ব বা দূরপাল্লা— সব ক্ষেত্রেই সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগবে না। যদিও আপাতত বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে না। পরে নতুন বাজেটের পর বৈদ্যুতিক বাস কেনার পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী।
ডিএ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সোমবার আলোচনা হয়নি, ভবিষ্যতের বৈঠকগুলিতে ধাপে ধাপে তা নিয়ে আলোচনা করা হবে।



