0%

‘তুলে দেওয়া উচিত’, আইপিএলের কোন নিয়ম বাতিলের পক্ষে সওয়াল শচীনের? দিলেন একাধিক প্রস্তাবও

আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলি একই মেরুতে। তাঁরা মনে করেন, এই নিয়ম ক্রিকেটের ভারসাম্যটা নষ্ট করছে। হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, শুভমান গিলরা এই নিয়ম নিয়ে সরব হয়েছেন। এবার ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে মুখ খুলেছেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। সঙ্গে একাধিক নিয়ম বদলের প্রস্তাবও দিয়েছেন মাস্টার ব্লাস্টার। 

এই বিষয়ে আরও খবর

রোহিত-বিরাটদের মতো ক্রিকেটারের বক্তব্য ছিল, এই নিয়মের কারণে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাচ্ছে। ইমপ্যাক্ট প্লেয়ারের কারণে প্লেয়ারের স্কিলটাই গৌণ হয়ে যাচ্ছে বলে মত ছিল তাঁদের। এবার ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডসে বক্তব্য রাখতে গিয়ে লিটল মাস্টার জানান, ২০২৩ সালে চালু হওয়া এই নিয়ম দলগুলিকে কার্যত অতিরিক্ত একজন ব্যাটার খেলানোর সুযোগ করে দিচ্ছে। যার জেরে বোলাররা সমস্যায় পড়ছে। শচীনের কথায়, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা তুলে দেওয়া উচিত। টি-টোয়েন্টিতে যেখানে মাত্র ২০ ওভার খেলা হয়, সেখানে আরও একজন ব্যাটার যোগ হওয়ায় ভারসাম্য নষ্ট হচ্ছে।”

এই নিয়ম অনুযায়ী, ম্যাচের যেকোনও সময় কোনও দলের মূল একাদশের কোনও খেলোয়াড়কে পরিবর্তন করে একজন অতিরিক্ত ব্যাটার বা বোলার মাঠে নামানো যায়। এই খেলোয়াড় ম্যাচের যেকোনও সময় অপর এক খেলোয়াড়ের পরিবর্তে ব্যাটিং ও বোলিং করতে পারেন। অনেকের মতে, এর ফলে অলরাউন্ডারদের উন্নতিতে ব‌্যাঘাত ঘটায়। ব‌্যাট-বলের ভারসাম‌্য নষ্ট হয় তাতে। অন্যদিকে, এবারের আইপিএলে প্রায় প্রত্যেক ম্যাচই হাইস্কোরিং হচ্ছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর মতে, ব্যাটিং সহায়ক পিচ বোলারদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলছে।

পাওয়ার প্লে নিয়মেও পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন তিনি। প্রথম ছয় ওভারে মাত্র দু’জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারেন। শচীনের প্রস্তাব, প্রথম চার ওভার আগের মতো থাকলেও বাকি দুই ওভার ফিল্ডিং দলের অধিনায়ক নিজের সুবিধামতো পরে ব্যবহার করুক। “শেষের ওই দুই ওভার কখন নেওয়া হবে, তা অধিনায়ক ঠিক করবেন। এতে বোলারদের সুবিধা হবে,” মন্তব্য শচীনের।

এছাড়া একজন বোলারের সর্বোচ্চ চার ওভারের কোটা বাড়িয়ে পাঁচ ওভার করার পক্ষেও মত দেন শচীন। তাঁর যুক্তি, যেভাবে সেরা ব্যাটাররা প্রায় পুরো ইনিংস খেলতে পারেন, তেমনই সেরা বোলারদেরও বেশি ওভার বল করার সুযোগ থাকা উচিত। শচীনের কথায়, “দলের সেরা বোলারকে পাঁচ ওভার বল করার সুযোগ দেওয়া উচিত। দর্শকরাও নিশ্চয়ই চাইবেন সেরা বোলারকে আরও বেশি দেখতে।” এখন দেখার শচীনের প্রস্তাব শোনে কিনা বোর্ড।

এই বিষয়ে আরও খবর

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker