0%

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট, তিন জেলায় লাল সতর্কতা; উত্তরবঙ্গেও ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করার পর ধীরে ধীরে তা দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে। তবে বর্ষা পৌঁছনোর আগেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রাকবর্ষার বৃষ্টি ও ঝড়ের দাপট অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি তিন জেলায় ভারী বর্ষণের সম্ভাবনায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে পরবর্তী তিন ঘণ্টার মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণেই ওই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

– বিজ্ঞাপন –

অন্যদিকে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা রয়েছে।

শুক্রবারও দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই জেলাগুলির জন্যও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও সপ্তাহান্ত পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে সতর্কতা জারির মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবুও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির পরিমাণ বাড়লেও আগামী সাত দিনে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

এদিকে উত্তরবঙ্গেও আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং জেলাতেও সপ্তাহান্তে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের আটটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker