দিনে ২–৩ কাপ চা বা কফি খেলে কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি, জানাচ্ছে গবেষণা – সবদিক

বাঙালির দিন শুরু হোক বা কাজের ফাঁকে আড্ডা—চা বা কফি না হলে যেন চলেই না। আর সেই অভ্যাসই নাকি মস্তিষ্কের জন্য উপকারী হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দাবি, দিনে ২–৩ কাপ ক্যাফিনযুক্ত চা বা কফি খেলে ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে।
এই গবেষণা প্রকাশিত হয়েছে ‘জার্নাল অফ দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’-এ। গবেষকরা জানিয়েছেন, যাঁরা নিয়মিত ২–৩ কাপের বেশি ক্যাফিনযুক্ত চা বা কফি পান করেন, তাঁদের মস্তিষ্কের কার্যকারিতা তুলনামূলকভাবে ভালো থাকে।
গবেষণায় নার্সেস হেলথ স্টাডি ও হেলথ প্রফেশনালস ফলো আপ স্টাডির তথ্য বিশ্লেষণ করা হয়। মোট ১ লক্ষ ৩১ হাজার ৮২১ জনকে ৪৩ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়েছে। শারীরিক পরীক্ষা ও মৃত্যুর কারণ বিশ্লেষণে দেখা যায়, ১১ হাজার ৩৩ জনের মধ্যে ডিমেনশিয়ার ঝুঁকি ছিল।
ডিমেনশিয়া কী এবং কেন ভয়ংকর?
ডিমেনশিয়া ও অ্যালঝাইমার্সের মতো রোগে মস্তিষ্কের কগনিটিভ ফাংশন বা চিন্তাশক্তি কমে যায়। স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। রোগের ধরন অনুযায়ী মস্তিষ্কের ভেতরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
বিশ্বজুড়ে প্রায় সাড়ে ৫ কোটির বেশি মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত। প্রতি বছর নতুন করে এক কোটিরও বেশি রোগী যুক্ত হচ্ছেন। স্মৃতিভ্রংশ, আচরণগত পরিবর্তন, মুড সুইং, ঘুমের সমস্যা—সবই এর লক্ষণ। অ্যালঝাইমার্সে আক্রান্ত প্রায় ২০ শতাংশ রোগীর মানসিক সমস্যাও দেখা যায়।
বিশেষজ্ঞদের মতে, ডিমেনশিয়া রোগীদের ক্ষেত্রে সংক্রমণ, ডিহাইড্রেশন বা ঘুমের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
গবেষণা অবশ্য জানাচ্ছে, নিয়ন্ত্রিত পরিমাণে ক্যাফিন গ্রহণ মস্তিষ্কের কার্যকারিতা বজায় রাখতে সহায়ক হতে পারে। তবে অতিরিক্ত সেবন নয়, ভারসাম্যই মূল কথা।



