0%

দোলে বানান আপেল ও ওটসের স্বাস্থ্যকর ‘হেলদি মালপোয়া’

দোল মানেই চুটিয়ে রঙ খেলা, আর শেষপাতে মিষ্টিমুখ। তবে উৎসবের আবহে সবচেয়ে বেশি অনিয়ম হয় মিষ্টিতেই। বিশেষ করে ভাজা মিষ্টি আর চিনির সিরা রক্তে শর্করার মাত্রা অনেকটা বাড়িয়ে দেয়। যারা ফিটনেস নিয়ে খুঁতখুঁতে কিংবা ওজন কমাতে চাইছেন, তাঁরা দোলের দিন মিষ্টি মুখ করবেন না তা কি হতে পারে? রঙের উৎসবে মিষ্টি মুখের জন্য বানিয়ে নিন।আপেল ও ওটসের তৈরি মালপোয়া। ফলের প্রাকৃতিক মিষ্টি আর ওটসের ফাইবার মিলে এটি পুষ্টিকর এক ডেজার্ট।

ফলের গুণ আর ওটসের ফাইবার
গবেষণায় দেখা গিয়েছে, আপেলের ফাইবার হজমে সাহায্য করে এবং ওটস দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। সাধারণত মালপোয়া মানেই প্রচুর ক্যালোরি, কিন্তু এখানে না লাগবে ময়দা, না ব্যবহার করতে হবে ক্ষতিকর চিনি। মিষ্টির জন্য লাগবে মধু বা নলেন গুড় (পছন্দ অনুযায়ী)।

কী কী প্রয়োজন?

প্রধান উপকরণ: ১ কাপ ওটসের পাউডার (ওটস শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করা), ২ টি মাঝারি মাপের গ্রেট করা আপেল।
অন্যান্য উপকরণ: আধ কাপ টক দই, অল্প একটু মৌরি, ১ চামচ এলাচ গুঁড়ো এবং ব্যাটার তৈরির জন্য পরিমাণমতো দুধ (লো-ফ্যাট হলে ভালো)।
মিষ্টির জন্য: ওপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য সামান্য মধু বা সামান্য গুড়ের সিরা।
সাজানোর জন্য: আমন্ড বা পেস্তা কুচি।

তৈরির পদ্ধতি
একটি বড় পাত্রে ওটসের পাউডার, গ্রেট করা আপেল, টক দই এবং এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন।
এবার মিশ্রণটিতে অল্প অল্প করে দুধ মিশিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। এরপর এটি অন্তত ২০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

২০ মিনিট পর দেখবেন ওটস দুধ টেনে নিয়েছে, প্রয়োজন হলে সামান্য আরও একটু দুধ মিশিয়ে ঘনত্ব ঠিক করে নিন। এর মধ্যে মৌরি মিশিয়ে দিন। এবার একটি নন-স্টিক প্যানে সামান্য ঘি ব্রাশ করে নিন। ডুবো তেলের একদমই প্রয়োজন নেই। এক হাতা করে ব্যাটার নিয়ে প্যানে দিন এবং গোল করে ছড়িয়ে দিন।
মাঝারি আঁচে দুই পিঠ লালচে করে সেঁকে নিন। আপেল থাকায় মালপোয়াগুলো ভেতর থেকে নরম আর বাইরে থেকে হালকা মুচমুচে হবে।

মালপোয়াগুলো গরম থাকতে থাকতেই ওপর থেকে সামান্য মধু বা গুড় ছড়িয়ে দিন। সবশেষে ওপর থেকে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker