0%

Fixed Deposit Rate Hike: এফডি-তে সুখবর! ICICI ও Indian Bank বাড়াল সুদের হার, কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?

কলকাতা: ফিক্সড ডিপোজিট বা এফডিতে বিনিয়োগ করেন? তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। ICICI Bank ও Indian Bank তাদের নির্দিষ্ট মেয়াদের এফডি-তে সুদের হার বাড়িয়েছে। ২৩ অক্টোবর ২০২৬ থেকে নতুন হার কার্যকর হয়েছে। ৩ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে এই বদল প্রযোজ্য। ICICI Bank নির্দিষ্ট দীর্ঘমেয়াদি এফডি-তে সুদের হার ১০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। অন্যদিকে, Indian Bank তাদের বিশেষ ৫৫৫ দিন ও ৭৭৭ দিনের এফডি-তে সুদের হার ১৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে।

ICICI Bank এর এফডি-তে কত সুদ পাবেন?

ICICI Bank এ সাধারণ গ্রাহকরা এফডি-তে ২.৭৫% থেকে ৬.৬০% পর্যন্ত সুদ পেতে পারেন। প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ সুদের হার ৭.২০%। তবে সব মেয়াদের এফডি-তে কিন্তু সুদের হার বাড়েনি। নির্দিষ্ট কিছু দীর্ঘমেয়াদি এফডি-তেই এই পরিবর্তন করা হয়েছে।

Indian Bank এর বিশেষ এফডি-তে সুদের হার বৃদ্ধি-

Indian Bank তাদের দুটি বিশেষ মেয়াদের এফডি-তে সুদের হার বাড়িয়েছে। এই প্রকল্পগুলি হল ‘Ind Grow’ এবং ‘Ind Prosper’।

Ind Grow- ৫৫৫ দিনের এফডি

Ind Prosper- ৭৭৭ দিনের এফডি

এই দুই বিশেষ আমানত প্রকল্পে সুদের হার ১৫ বেসিস পয়েন্ট অবধি বাড়ানো হয়েছে। অন্যান্য তালিকাভুক্ত মেয়াদের এফডি-তে সুদের হার অপরিবর্তিত রয়েছে বলে জানানো হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্যও রয়েছে অতিরিক্ত সুদের সুবিধা। সাধারণত, এই বিশেষ এফডিগুলিতে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ০.৫০% পয়েন্ট সুদ পান। সংশোধিত হার অনুযায়ী, ৫৫৫ দিনের এফডি-তে প্রবীণ নাগরিকদের সুদের হার ৭.৩০% ও ৭৭৭ দিনের এফডি-তে ৭.২৫%।

এফডি-তে টাকা রাখার আগে কী মনে রাখবেন?

এফডি-তে টাকা রাখার আগে কয়েকটা বিষয় দেখে নেওয়া জরুরি। প্রথমত, কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে, তা তুলনা করুন। দ্বিতীয়ত, কত দিনের জন্য টাকা রাখতে চান, তা ঠিক করুন। প্রয়োজনের সময় টাকা তুললে জরিমানা দিতে হবে কি না, সেটাও জেনে নিন। এছাড়া এফডি থেকে পাওয়া সুদের উপর কর লাগতে পারে। তাই কর দেওয়ার পর কত টাকা হাতে থাকবে, তা হিসাব করা দরকার। মূল্যবৃদ্ধির কথাও মাথায় রাখতে হবে। শুধু বেশি সুদ পেলেই এফডি-তে বিনিয়োগ করা ঠিক নয়। আপনার কত টাকা প্রয়োজন, কত দিন টাকা জমিয়ে রাখতে পারবেন এবং ভবিষ্যতে কী কী খরচ রয়েছে, তা বিবেচনা করুন। দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চাইলে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিতে পারেন। টাকা রাখার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে সর্বশেষ সুদের হার ও নিয়ম যাচাই করে নিন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker