0%

বিশ্বকাপে গোল করল শ্রীরামপুরের ছেলে, দাপুটে জয় দিয়ে অভিযান শুরু ভারতের

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু ভারতের। লাওসকে ৪-২ গোলে হারিয়েছে ‘ব্লু কল্টস’। আজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে দুরন্ত ফুটবল উপহার দেয় বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেরা। ভারতের হয়ে জোড়া গোল করেন আর লালরেমরুতফেলা। একটি করে গোল ম্যাকডোনিশ এনগাইরাংবাম এবং শ্রীরামপুরের সাতঘরা পূর্বপাড়ার সৌম্যজিৎ সরকার।

এবারই প্রথম অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আয়োজন করছে ফিফা। এই প্রতিযোগিতা, যতটা না প্রতিদ্বন্দ্বিতামূলক, তার থেকেও বেশি ফুটবলকে কেন্দ্র করে ফেস্টিভ্যালের চেহারা দিতে চেয়েছে ফিফা। সেই কারণেই ফিফার অন্তর্ভুক্ত যত দেশ রয়েছে, সবাইকে এই জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়েছে। ফিফার ২১১টি সদস্য দেশের জন্যই অংশগ্রহণের দরজা খোলা। সব মিলিয়ে ১৮৯টি দেশের দল খেলবে এই প্রতিযোগিতায়। বিপুল সংখ্যক দলের অংশগ্রহণের কারণে প্রায় এক হাজার ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এমন একটা ম্যাচে শুরু থেকেই দাপট দেখাল ভারতের জুনিয়ররা।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ৮ জনের দল নিয়ে নেমেছিল দুই দলই। প্রতি ম্যাচে দু’টি হাফ ২০ মিনিট করে। শুরু থেকেই আগ্রাসী মেজাজে শুরু করে ‘ব্লু কল্টস’। প্রথম চার মিনিটেই দু’টি সুযোগ তৈরি করে তারা। ৩ মিনিটে বক্সের ভিতর থেকে দীপক সিং আরামবামের জোরালো শট বিপদমুক্ত করেন লাওসের গোলরক্ষক আনুসিথ সুকসাভান। এর এক মিনিট পরেই ম্যাকডনিশের শটও বাঁচান আগুয়ান গোলরক্ষক। তবে গোল পেতে খুব বিশেষ দেরি হয়নি। দীপকের দুরন্ত পায়ের কাজ দেখিয়ে বক্সের ভিতর বল বাড়ান তিনি। সেখান থেকেই সহজে জালে বল জড়িয়ে দেন ম্যাকডনিশ। ১১ মিনিটে ব্যবধান বাড়ায় ভারত। লাওসের ক্লিয়ারেন্স আটকে দেন দীপক। ফিরতি বল পেয়ে বাঁ পায়ের শটে জালে জড়িয়ে দেন লালরেমরুয়াতফেলা।

ঠিক যখন মনে হচ্ছিল, ম্যাচ একপেশে হতে চলেছে, তখনই পালটা আঘাত হানে লাওস। ১২ মিনিটে ব্যবধান কমান আনাভিন জায়াসোন। তাঁর দূরপাল্লার শটটি ‘দর্শক’ হয়ে দেখা ছাড়া উপায় ছিল না জেনিত নিংথৌজামের। বিরতির পর দুরন্ত শুরু করে ভারত। ২১ মিনিটে কর্নার থেকে ম্যাকডনিশের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও এর মিনিট তিনেক পর লাওসকে সমতায় ফেরান সুকসাভান সিলিসেং। বক্সের বাইরে থেকে প্রথম ‘টাচে’ই গোল করেন তিনি। অর্থাৎ বোঝাই যাচ্ছে, সহজে জমি পায়নি ভারত। তবে তখনও অনেক টুইস্ট বাকি ছিল। ৩১ মিনিটে সৌমজিৎ সরকারের কাছ থেকে পাস পেয়ে বাঁ পায়ের শটে ব্লু কোল্টসকে এগিয়ে দেন লালরেমরুয়াতফেলা। দু’মিনিট পরে ব্যবধান বাড়ান সৌমজিৎ। প্রায় মাঝমাঠের কাছ থেকে তাঁর নেওয়া শট লাওসের গোলরক্ষককে টপকে জালে ঢুকে যায়। বাকি সময় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ৩ পয়েন্ট নিশ্চিত করে ভারত।

রবিবার, ২৫ অক্টোবর, দু’টি ম্যাচ খেলতে হবে ভারতকে। সকাল সাড়ে ১০টায় ক্যামেরুনের বিরুদ্ধে প্রথম ম্যাচ। বিকেল ৫.১৫ মিনিটে প্রতিপক্ষ গ্রানাডা। ২৬ অক্টোবর যোগ্যতা পর্বের শেষ দিনে ভারতের সামনে আরও দুই প্রতিপক্ষ। দুপুর ২.১৫ মিনিটে বাহরিনের বিরুদ্ধে খেলবে দল। রাত ৯টায় শেষ ম্যাচ সেনেগালের বিরুদ্ধে। ভারতের সরাসরি দেখা যাচ্ছে FIFA+ on DAZN.com-এ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker