0%

নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের

ভারত: ৪০৬/২ (শুভমান ২২৩*, রোহিত ১০১)
ওয়েস্ট ইন্ডিজ: ৪০৫/৭ (জাঙ্গু ১১৪, হোপ ১০৪)
আট উইকেটে জয়ী ভারত

বোলারদের নিয়ে ছেলেখেলা। বুধবার ভার‍ত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা যেন চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিল, বর্তমান যুগে বোলাররা ঠিক কতখানি ‘অসহায়’। এই প্রথমবার একটা ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন পাঁচজন ব্যাটার। একজন তো ডবল সেঞ্চুরিও করে ফেললেন। প্রত্যাশিতভাবেই এদিন ম্যাচ এবং সিরিজ জিতল ভারত। বিশ্বকাপের প্রস্তুতিতে শুভমান গিলের ফর্ম আশা জোগাচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে।

২৮ বছর আগে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচে চারটে সেঞ্চুরি হয়েছিল। একটা ওয়ানডে’তে এটাই সর্বাধিক সেঞ্চুরি নজির। আরও বারদুয়েক এমন ঘটনার সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব। কিন্তু বুধবারটা যেন ছিল যাবতীয় রেকর্ড তছনছ করে দেওয়ার মঞ্চ। ব্যাটারদের দাপট দেখানোর মঞ্চ। তাই ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা মিলে পাঁচটা সেঞ্চুরি করলেন। গিলের দ্বিশতরান ধরলে অনেকে ৬টা সেঞ্চুরিও মনে করতে পারেন। ১০০ ওভারের খেলায় পাঁচজন ব্যাটার শতরান হাঁকিয়ে গেল দেখে বোলারদের অবস্থা নিয়ে করুণা হতে বাধ্য।

জন ক্যাম্পবেল, শেই হোপ, আমির জাঙ্গু-তিন সেঞ্চুরির দাপটে ওয়েস্ট ইন্ডিজ ৪০৫ রানের পাহাড় খাড়া করে। তবে গিলদের দুরন্ত ফর্মের সামনে ওই টার্গেট পাত্তা পাবে না বলেই ধরে নিয়েছিল ক্রিকেটমহল। রোহিত শর্মা এবং গিল খানিকটা ঢিমেতালে শুরু করলেন ইনিংস। কিন্তু খানিকক্ষণের মধ্যেই দুই ওপেনার নেমে পড়লেন সেঞ্চুরি করার প্রতিযোগিতা। কয়েকমাস আগেও রোহিতকে অবসর ঘোষণা করতে ‘নির্দেশ’ দেওয়া হয়েছিল বলে খবর শোনা যায়। সেদিন লর্ডসের মাটিতে সেঞ্চুরি করে জবাব দিয়েছিলেন। বুধবার আবারও সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন, হিটম্যান এখনও হিট। । ১২ হাজার রান পূর্ণ করলেন, সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় উঠে এলেন প্রথম সাতে।

পূর্বসূরিকে ছাপিয়ে গেলেন গিল। আগের ম্যাচে সেঞ্চুরি, বুধবার ডবল সেঞ্চুরি করে অপরাজিত থাকলেন। রান তাড়া করতে গিয়ে সর্বোচ্চ রানের নজির, ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি, এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার নিরিখেও গিল চলে এলেন তৃতীয় স্থানে। রোহিতের ২৬৪, মার্টিন গাপ্তিলের ২৩৭ নটআউটের ঠিক পরেই জায়গা করে নিল শুভমানের ২২৩*। ব্যাট করার সময়ে বেশ কয়েকবার পেশিতে টান লেগেছে, মাঠে বসে পড়েছেন, কিন্তু বর্ষাপাড়া স্টেডিয়ামকে শুভমান যেন বুঝিয়ে দিলেন, কেন তিনি ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker