পৈলানের প্রাসাদ ছেড়ে বিধায়ক দিলীপ ‘ফেরার’, বকখালিতে অস্ত্র-সহ পাকড়াও ছেলে

সবদিক নিউজ: ছাব্বিশের ভোট মিটতেই দক্ষিণ ২৪ পরগনায় পূর্বতন শাসকদলের প্রভাবশালী নেতাদের দাপট ধূলিসাৎ করতে ময়দানে নেমেছে পুলিশ। বিষ্ণুপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল পৈলানের রাজপ্রাসাদ সম্বলিত বাড়ি ছেড়ে চম্পট দিলেও রেহাই পেল না তাঁর পরিবার। এলাকায় নতুন করে অশান্তি পাকানোর চক্রান্ত এবং বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে রবিবার রাতে বকখালি ও ফ্রেজারগঞ্জ উপকূল এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে বিধায়কপুত্র অর্ঘ্য-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের টাস্ক ফোর্স।
যে ভাইরাল ভিডিও ডেকে আনল বিপদ
ফলপ্রকাশের ঠিক পরেই সোশ্যাল মিডিয়ায় বিধায়ক দিলীপ মণ্ডলের একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সেখানে বিজেপিকে খোলাখুলি হুঁশিয়ারি দিয়ে দিলীপকে বলতে শোনা যায়, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম, শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” এই ভিডিও সামনে আসতেই নতুন সরকারের নির্দেশে বিধায়কের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর (FIR) দায়ের হয়।
পৈলানের প্রাসাদে পুলিশি হানা ও ‘গোপন গুহা’
গত বৃহস্পতিবার সকালে দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে হানা দেয় বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ। বাড়িতে ঢুকে পুলিশ অফিসারদের চোখ কপালে ওঠে। চারদিকে দামি দামি গাড়ি, বিশাল সুইমিং পুল, কাঠের রাজকীয় আসবাবপত্র। শুধু তাই নয়, প্রাসাদের ভেতরে একটি গোপন গুহারও হদিস মেলে! এর আগে শিবপুরের দাপুটে তৃণমূল নেতা মহম্মদ শামিমের বাড়িতেও একাধিক গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছিল পুলিশ। এই তল্লাশির পর থেকেই খোদ বিধায়ক বেপাত্তা হয়ে যান।
পালানোর পথ বন্ধ করল টাস্ক ফোর্স
বিধায়ক বেপাত্তা হলেও তাঁর ছেলে অর্ঘ্য মণ্ডল ও সহযোগীরা বকখালির দিকে পালিয়ে গিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবারের জেলা পুলিশ ও টাস্ক ফোর্স রাতভর চিরুনি তল্লাশি চালিয়ে অস্ত্র-সহ এই ৫ জনকে পাকড়াও করে। ধৃতদের আজই আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার তোড়জোড় চলছে।



