0%

কেরলে শুরু কংগ্রেস সরকারের পথচলা, মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভিডি সতীশন

সবদিক নিউজ: তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কেরলে নতুন যুগের সূচনা হলো। দীর্ঘ এক দশক পর দক্ষিণ ভারতের এই রাজ্যে পুনরায় শাসনভার নিজেদের হাতে নিল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফ। সোমবার কেরলের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন প্রবীণ কংগ্রেস নেতা ভি ডি সতীশন। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর সতীশনের পাশাপাশি তাঁর নতুন মন্ত্রিসভার আরও ২০ জন সদস্যকে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।

এই শপথগ্রহণ অনুষ্ঠানটি এক বিরল রাজনৈতিক সৌজন্যের সাক্ষী হয়ে থাকল। নবনির্বাচিত সরকারের আমন্ত্রণ রক্ষা করে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কেরলের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব চন্দ্রশেখরও। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিদায়ী মুখ্যমন্ত্রী এবং বিরোধী শিবিরের শীর্ষ নেতার এমন উপস্থিতি এক ইতিবাচক বার্তা দিয়েছে। এ ছাড়া কংগ্রেসের সর্বভারতীয় স্তরের শীর্ষ নেতৃত্বের মেলা বসেছিল এই অনুষ্ঠানে। নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে।

কেরলের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে একক আধিপত্য বিস্তার করেছে ইউডিএফ। রাজ্যের মোট ১৪০টি আসনের মধ্যে ১০২টি আসনে বিপুল জয় পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোট। অন্য দিকে গতবারের শাসক দল সিপিএম-এর নেতৃত্বাধীন বাম জোট এলডিএফ এবার মাত্র ৩৫টি আসনে থমকে গিয়েছে। এই বিশাল জয়ের পর দীর্ঘ আলোচনা শেষে গত বৃহস্পতিবার কেরলের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ছ’বারের বিধায়ক সতীশনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে কংগ্রেস হাইকমান্ড। বিগত পাঁচ বছর ধরে কেরল বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন তিনি।

মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস শিবিরের অন্দরে বেশ কিছু নাটকীয় মোড় তৈরি হয়েছিল। সতীশন ছাড়াও কেরলের শীর্ষ পদের দৌ়ড়ে প্রবলভাবে এগিয়ে ছিলেন কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিতালা। দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কেরলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী দীপা দাশমুন্সি শেষ পর্যন্ত সতীশনের নাম চূড়ান্ত করেন।

দলীয় সূত্রে জানা যায়, কংগ্রেস পরিষদীয় দল প্রথম দিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বেণুগোপালের নাম প্রস্তাব করেছিল। তবে দলের বিধায়কদের একটি বড় অংশ সতীশনকে মুখ্যমন্ত্রী করার দাবিতে অনড় থাকেন। তাঁদের প্রধান যুক্তি ছিল, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইউডিএফ এবং কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন সতীশনই। তাঁর হাত ধরেই কেরলে কংগ্রেস আবার জয়ের রাস্তায় ফিরেছে। বিধায়কদের সেই যুক্তিতে সিলমোহর দিয়েই শেষ পর্যন্ত অভিজ্ঞ সতীশনের কাঁধেই কেরল পরিচালনার দায়িত্ব সঁপে দিল কংগ্রেস নেতৃত্ব।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker