বন্যা রুখতে মানিকচকে শুরু বাঁধ মেরামতির কাজ

সবদিক নিউজ: অভিষেক দাস, মালদা: পরপর দু’ বছর বন্যার জেরে বিপর্যস্ত হয়েছে মালদহের মানিকচক ব্লকের ভূতনির চর। লক্ষাধিক মানুষকে জলবন্দি অবস্থায় দিন কাটাতে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতে ভাঙা বাঁধ মেরামতি ও জল প্রতিরোধে উদ্যোগ নিল প্রশাসন। রবিবার ভাঙনপ্রবণ এলাকায় প্রাথমিক পর্যায়ের কাজের সূচনা করেন স্থানীয় বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা। জানা গিয়েছে, গত দুই বছরে ভয়াবহ বন্যা ও ভাঙনের ফলে ভূতনির চরে একাধিক জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু পরিবার ঘরবাড়ি হারিয়েছে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। যদিও পূর্ববর্তী সময়ে বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ হয়েছিল, তবুও বন্যার হাত থেকে রেহাই মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের।
এবার বর্ষা মরসুমের আগেই বন্যা প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে ভেঙে যাওয়া বাঁধের একটি গুরুত্বপূর্ণ অংশে মেরামতির কাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় প্রায় ৮০ মিটার এলাকা জুড়ে শক্তিশালী প্রতিরোধ কাঠামো নির্মাণ করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁধের মাঝখানে বালিভর্তি বস্তা ব্যবহার করা হবে এবং দুই পাশে জলরোধী দেওয়াল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নদীর স্রোতের ধাক্কা সামলানো সম্ভব হয়।
স্থানীয় বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল জানান, রাজ্য সরকার ভূতনির মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করতে বদ্ধপরিকর। সবরকম প্রশাসনিক ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করে এ বছর জল ঢোকা রোধ করার চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, বর্ষা শুরুর আগেই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে প্রকল্পের বাস্তবায়ন করা হবে। তবে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানালেও সংশয় কাটছে না স্থানীয় বাসিন্দাদের একাংশের। তাঁদের দাবি, অতীতে একাধিকবার বাঁধ নির্মাণ ও সংস্কার হলেও বন্যা এবং ভাঙন রোধ করা যায়নি। তাই বর্তমান প্রকল্প কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বর্ষা ঘনিয়ে আসার মুখে ভূতনির চরবাসীর এখন একটাই আশা— এ বছরের উদ্যোগ সফল হোক এবং দীর্ঘদিনের বন্যা-যন্ত্রণা থেকে মুক্তি মিলুক। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে।



