বিধানসভার ইতিহাসে প্রথমবার মেগা ভোটাভুটি! PAC চেয়ারম্যান পদ নিয়ে মুখোমুখি মমতা ও ঋতব্রত

সবদিক নিউজ: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পার হতেই একের পর এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকছে বাংলার রাজনীতি। বিরোধী বেঞ্চে বসা তৃণমূল কংগ্রেসের আড়াআড়ি বিভাজন, দলের প্রতীক-তহবিল নিয়ে লড়াই এবং বিরোধী দলনেতার পদ নিয়ে আইনি টানাপোড়েনের পর এবার পরীক্ষা ‘আসল’ তৃণমূল প্রমাণের। আর এই নজিরবিহীন পরিস্থিতির জেরেই এবার বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি (PAC)-র চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে বেনজির ভোটাভুটির পথে হাঁটতে হচ্ছে বিধানসভাকে। আগামী ৫ জুলাই এই মেগা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে এই ভোট প্রক্রিয়ার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সংসদীয় রাজনীতি ও বিধানসভার রীতি অনুযায়ী, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পাবলিক আন্ডারটেকিং কমিটির মতো গুরুত্বপূর্ণ সংগঠনগুলির রাশ সব সময় প্রধান বিরোধী দলের হাতেই থাকে। সাধারণত, প্রধান বিরোধী দলনেতার মনোনয়নের ভিত্তিতেই এই পদের চেয়ারম্যান কে হবেন, তা স্পিকারের উপস্থিতিতে ঠিক করা হয়। এযাবৎকাল ধরে এই নিয়মই চলে আসছিল। কিন্তু এবার বিধানসভায় তৃণমূল বিরোধী আসনে বসার পরই শুরু হয় তীব্র অভ্যন্তরীণ ভাঙন। ৮০ জন ঘাসফুল বিধায়কের মধ্যে ৬৫ জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে নস্যাৎ করে যোগ দেন ‘বিদ্রোহী’ শিবিরে। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংখ্যাধিক্যের প্রমাণ দেখিয়ে তাঁরা বিরোধী দলনেতার তকমা ছিনিয়ে নেন। তবে মমতা শিবির এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হওয়ায় বর্তমানে বিরোধী দলনেতার বিষয়টি বিচারাধীন।
৫ জুলাই ভাগ্যপরীক্ষা, লাইমলাইটে কংগ্রেস-বাম-আইএসএফ
এই সাংবিধানিক জট কাটাতে বিধানসভা সূত্রে জানানো হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত পিএসিসহ চার কমিটির চেয়ারম্যান পদের জন্য বিধায়করা মনোনয়ন জমা দিতে পারবেন। ১ জুলাই হবে স্ক্রুটিনি এবং ২ জুলাই বিকেল ৩টের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ সুযোগ থাকবে। এরপর ৫ জুলাই হবে মূল ভোটগ্রহণ পর্ব।
ববি হাকিমকে এগিয়ে রাখছেন ঋতব্রত, ধোঁয়াশায় কালীঘাট
এই মেগা নির্বাচনে অংশ নেবেন শুধুমাত্র অন্য বিরোধী বিধায়করা, অর্থাৎ কংগ্রেস, সিপিএম এবং আইএসএফের মোট ৮৭ জন বিধায়ক। প্রতিটি কমিটিতে নির্বাচিত সদস্য সংখ্যা থাকবে ২০ জন। রাজনৈতিক অলিন্দের খবর, পিএসি চেয়ারম্যান পদের দৌড়ে এই মুহূর্তে অনেকটাই এগিয়ে রয়েছে ঋতব্রতর নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল শিবির। তারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের জন্য সদ্য দলছুট হওয়া ফিরহাদ হাকিমকে প্রার্থী করার পক্ষে সওয়াল করছে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল এই নির্বাচনে কাকে দাঁড় করাবে, তা এখনও স্পষ্ট নয়। বিধানসভার ইতিহাসে এই প্রথমবার পিএসি-সহ চার-চারটি কমিটির চেয়ারম্যান ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চলায় আগামী ৫ জুলাইয়ের দিকেই নজর গোটা রাজ্যের।



